আইডিএর দাতা দেশ হিসেবে যুক্ত হলো মঙ্গোলিয়া

বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক | ছবি: সংগৃহীত
0

বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) দাতা দেশ হিসেবে যুক্ত হয়েছে মঙ্গোলিয়া। সংস্থাটির তহবিলে ১৩ লাখ মার্কিন ডলারের বেশি দেয়ার অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। আজ (শনিবার, ১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিশ্বব্যাংক।

একসময় বিশ্বব্যাংকের এই সংস্থা থেকে উন্নয়ন সহায়তা নেয়া মঙ্গোলিয়া এবার অন্য দেশগুলোকে সহায়তা দেবে। দারিদ্র্য হ্রাস ও অর্থনৈতিক অগ্রগতির ধারাবাহিকতায় এটিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে দেশটি।

১৯৯১ সালের পর থেকে দেশটি পরিবহন, গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে পেয়েছে ১৬২ কোটি মার্কিন ডলারের বেশি উন্নয়ন অর্থায়ন।

আরও পড়ুন:

২০২০ সালের জুলাইয়ে আইডিএর সহায়তা পাওয়ার যোগ্যতা থেকে উত্তরণ ঘটে মঙ্গোলিয়ার। বর্তমানে দেশটি আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংকের (আইবিআরডি) আওতায় অর্থায়ন গ্রহণ করছে।

গত তিন দশকে দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমানোর পাশাপাশি মাথাপিছু জিডিপি তিনগুণে উন্নীত করেছে মঙ্গোলিয়া। ২০২৪ সালে দেশটি উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদাও অর্জন করে।

এসএইচ