‘এসো সবকিছু ভুলে যাই, আমরা শুধু খেলি। চলো শুধু খেলায় মনযোগ দিই’। ভিডিওতে মেসির কণ্ঠে যা শোনা যায়, তার বাংলা অনুবাদ এমনই দাঁড়ায়। স্পেনের বিপক্ষে ফাইনালের আগে লিওনেল মেসি এবং আর্জেন্টিনার ছোট এক ভিডিও আপাতত বৈশ্বিক ফুটবলের জন্য টক অব দ্য টাউন। প্রশ্ন উঠতেই পারে, লিওনেল মেসি কী এমন ভুলে যেতে বলছেন সতীর্থদের?
সামাজিক যোগাযোগ মাধ্যমের সেই ভিডিওতে আর্জেন্টিনা দলের একাধিক ফুটবলারকে দেখা গিয়েছে একেবারেই বিমর্ষ অবস্থায়। এনজো ফার্নান্দেজ কিংবা লিসান্দ্রো মার্তিনেজদের চেহারায় ছিল না ফাইনাল খেলার আমেজ।
আরও পড়ুন:
সামাজিক যোগাযোগমাধ্যমের সেই ছোট্ট ক্লিপে অবশ্য পুরো আর্জেন্টিনা দলকেই বিষণ্ণ দেখা গিয়েছে। ফাইনালের আগে শেষ অনুশীলনে লিওনেল মেসির একের পর এক শট মিসের চিত্রও যেন নতুন করে জেগে ওঠা এই বিতর্কের পক্ষেই কথা বলছে।
নতুন এই গুঞ্জনের পালে হাওয়া দিতে যুক্ত হয়েছে এনজো ফার্নান্দেজের ইন্সটাগ্রাম পোস্ট। সাদাকালো ছবিতে সমর্থক আর দল নিয়ে অনেক কথাই লিখেছেন এই মিডফিল্ডার। যদিও শুরুতেই বলেছেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে পারে যে, কেবল ম্যাচের ফলাফলের চেয়ে বড় কিছু আছে।’
আরও পড়ুন:
ফাইনালের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি সংবাদ সম্মেলনে শেষ করেছিলেন কান্নাভেজা চোখে। লিওনেল মেসিরা মিক্সড জোন এড়িয়ে চলে গিয়েছিলেন কোনো কথা না বলেই। আর্জেন্টাইন ফুটবলে আরও অনেক রহস্যের মতোই হয়তো অমীমাংসিত থেকে যাবে, ২০২৬ সালের ফাইনালের ড্রেসিংরুমের বিমর্ষ ছবির পেছনের গল্পটা।





