গ্রুপে শীর্ষে থেকেই পরের পর্বে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় দল অস্ট্রেলিয়া

গোল করার পর যুক্তরাষ্ট্রের উল্লাস
গোল করার পর যুক্তরাষ্ট্রের উল্লাস | ছবি: সংগৃহীত
0

ফিফা বিশ্বকাপে ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে তুরস্কের কাছে হারলেও শীর্ষে থেকে নক আউট পর্ব নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ড্র করে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে রাউন্ড অব থার্টি টু-তে উঠেছে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে থাকলেও নক আউটের দৌড়ে ভালোভাবেই টিকে আছে প্যারাগুয়ে।

নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে আগেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত ছিল যুক্তরাষ্ট্রের। অন্যদিকে ঠিক বিপরীত প্রান্তে দাঁড়িয়ে তুরস্ক। তবে ম্যাচটা নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবেই নেয় তুর্কিরা। নিজেদের হার না মানা মানসিকতা দেখিয়ে তৈরি করে নতুন ইতিহাস।

লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই স্বাগতিকদের আনন্দে ভাসান অস্টন ট্রাস্টি। তবে সেই আনন্দে বাধ সাধেন আর্দা গুলার। তুরস্কের এই তরুণ তারকা সমতা ফেরানোর পর দলকে এগিয়ে দেন বারিস আল্পের ইলমাজ। এগিয়ে থেকেই বিরতিতে যায় তুর্কিরা।

বিরতি থেকে ফিরেই সেবাস্তিয়ান বেরাল্টারের গোলে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। এরপর দুই দলই একেরপর এক আক্রমণ করলেও গোলের দেখা পাচ্ছিলো না। অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে লক্ষ্যভেদ করে তুরস্ককে জয় এনে দেন কান আয়হান।

আরও পড়ুন:

ম্যাচ হারলেও গ্রুপসেরা হিসেবে নক আউটে উঠেছে যুক্তরাষ্ট্র। শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে আগামী ২ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায় বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মুখোমুখি হবে স্বাগতিকরা।

গ্রুপের আরেক ম্যাচে সান ফ্রান্সিসকোতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল প্যারাগুয়ে। অস্ট্রেলিয়ার জন্য সমীকরণ ছিল সহজ। ড্র করলেই নিশ্চিত হবে পরের পর্ব। বেশ কিছু আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া।

আরও পড়ুন:

তিন ম্যাচে সমান ৪ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ রানার আপ হিসেবে নক আউটে উঠেছে অস্ট্রেলিয়া। নক আউটে গ্রুপ জি-র রানার আপের মুখোমুখি হবে সকারুজরা। তিনে থাকা প্যারাগুয়ে এখনো লড়াইয়ে টিকে আছে। লাতিন আমেরিকার ভাগ্য নির্ধারণ হবে গ্রুপ পর্ব শেষে। সেরা আট তৃতীয় দলের একটি হওয়ার দৌড়ে মোটামুটি সুবিধাজনক অবস্থানেই তারা।

এসএস