ফুটবল বিশ্বকাপ মানেই মাঠের তুমুল লড়াই, আর মাঠের বাইরে অদ্ভুত সব উন্মাদনা। অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে সবার! এবার সেই তালিকায় নাম লেখালো ব্রাজিলের রিও ডি জেনিরোর এক হাঙ্গর, নাম তার ‘রিতিনহা’।
শনিবার হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল। আর অ্যাকোয়ারিয়ামের এই জলজ ভবিষ্যৎবক্তা সাফ জানিয়ে দিলো, ম্যাচটি জিতবে সেলেসাওরাই। যদিও রিতিনহা নামক হাঙ্গরের আগের ভবিষ্যদ্বাণী হয়েছিলো ভুল, মরক্কোর বিপক্ষে ম্যাচটি ব্রাজিল জিতবে বললেও ড্র হয়েছিলো ১-১ গোলে।
হাঙ্গরটি আরও একবার ব্রাজিলের পক্ষে বাজি ধরলেও তার ডাক্তার খুবই চিন্তিত। নেইমার ইনজুরিতে, দলটার অবস্থাও খুব একটা ভালো নয়। তবে রিতিনহা যেহেতু রায় দিয়েছে তাই ব্রাজিলের সমর্থকরা একটু হলেও নির্ভার রয়েছে হাইতির বিপক্ষে ম্যাচ নিয়ে।
আরও পড়ুন:
ডাক্তার বলেন, ‘রিতিনহা যখন বলেছে ব্রাজিল দল জিতবে, আমরা সবাই ওর সঙ্গে একমত। ব্রাজিল ২-০ বা ৩-০ গোলে জিতবে, মিলিয়ে নিয়েন।’
হাঙ্গর যদি জলের ডন হয় তবে ডাঙার ডন এখন আমেরিকার সিয়াটলের এক কুকুর। ব্রাজিলে হাঙ্গরের ভবিষ্যদ্বাণীর পর আটলান্টিকের ওপারে মার্কিন মুলুকেও চলছে ভিন্ন আয়োজন। সিয়াটলে ‘জুনিয়র’ নামের এক অলৌকিক ক্ষমতাসম্পন্ন কুকুর আইসক্রিম খাওয়ার প্রতিযোগিতায় বেছে নিয়েছে মার্কিন পতাকাকে।
এই কুকুরকে বলা হচ্ছে সাইকিক ডগ। মঞ্চে তার সামনে রাখা হয়েছিলো আমেরিকা ও অস্ট্রেলিয়ার পতাকা, সঙ্গে লোভনীয় আইসক্রিম। জুনিয়ন মুহুর্তের মধ্যেই অস্ট্রেলিয়ার পতাকাকে পাত্তা না দিয়ে আমেরিকার আইসক্রিমের কাপটি খেয়ে সাবাড় করে দিলো। তার মানে জুনিয়রের রায়, শুক্রবারের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাচ্ছে যুক্তরাষ্ট্র।
হাঙ্গর রিতিনহা কিংবা সাইকিক ডগ জুনিয়র-প্রাণীদের এ ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়, তা দেখার জন্য এখন অপেক্ষা মাঠের ৯০ মিনিটের লড়াইয়ের।




