শনিবার ব্রাজিলের সামনে ‘সহজ পরীক্ষা’; চমক দিতে চায় হাইতি

শনিবার ব্রাজিল বনাম হাইতির ম্যাচ
শনিবার ব্রাজিল বনাম হাইতির ম্যাচ | ছবি: সংগৃহীত
0

নিজেদের হেক্সা মিশনের স্বপ্ন জিইয়ে রাখতে আগামীকাল (শনিবার, ২০ জুন) সকালে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও প্রথম ম্যাচ ড্র করা সেলেসাওরা আছে কিছুটা শঙ্কায়। অন্যদিকে, হাইতির লক্ষ্য ফুটবল পরাশক্তিদের চমকে দেয়া।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল ভোরে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল দল হাইতি।

ফিফা র‍্যাংকিংয়ে ৫ নম্বরে থাকা ব্রাজিলের সাথে ৮৫তম স্থানে থাকা হাইতির শক্তির ব্যবধান আকাশপাতাল। তবে প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করার পর টুর্নামেন্টের প্রথম জয়ের খোঁজে মরিয়া সেলেসাওরা রয়েছে বাড়তি সর্তক।

ম্যাচ সামনে রেখে নিউ জার্সিতে জোরদার অনুশীলন চালিয়েছে কার্লো আনচেলত্তির দল। ফুটবলাররা পাসিং ও ফুটওয়ার্ক ড্রিল করে নিজেদের ঝালিয়ে নিয়েছেন। যেখানে প্রধান কোচ আনচেলত্তি নিজেই খেলোয়াড়দের তদারকি করেছেন।

আরও পড়ুন:

শনিবার ভোরের ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য ৪-৪-২ ফরমেশনে আক্রমণভাগের হাল ধরবেন ভিনিসিয়াস জুনিয়র ও ম্যাথিউস কুনিয়া। মাঝমাঠে ক্যাসামিরো, গুইমারেস ও রাফিনিয়ার সঙ্গে দেখা যেতে পারে পাকেতাকে। আর রক্ষণভাগে মারকিনিয়োস ও গ্যাব্রিয়েলের সঙ্গে অভিজ্ঞ দানিলোর ফেরার সম্ভাবনা রয়েছে। তবে যথারীতি গোলপোস্ট সামলাবেন অ্যালিসন বেকার।

তবে এ ম্যাচেও পোস্টার বয় নেইমার জুনিয়রকে পাচ্ছে না দল। কাফ ইনজুরি থেকে সেরে ওঠার চূড়ান্ত ধাপে থাকা ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড স্কোয়াডের সাথে যাচ্ছেন না ফিলাডেলফিয়ায়। পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন নিউ জার্সিতেই।

অন্যদিকে, স্কটল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হারলেও ব্রাজিলের সঙ্গে ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী হাইতি। বিশেষ করে লুইসিয়াস ডিডসন ও পিয়েরটদের নিয়ে গড়া হাইতিয়ান ফরোয়ার্ড লাইন কাউন্টার অ্যাটাকে ব্রাজিলের ঢিলেঢালা রক্ষণের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ঐতিহ্যবাহী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এসএইচ