বিশ্বকাপ প্রস্তুতিতে পছন্দের ক্যাম্প বেছে নিয়েছে সেলেসাওরা

কলম্বিয়া পার্ক ট্রেনিং ও পারফরম্যান্স সেন্টার
কলম্বিয়া পার্ক ট্রেনিং ও পারফরম্যান্স সেন্টার | ছবি: সংগৃহীত
0

গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপের বাকি নেই বেশিদিন। বিশ্বজয়ের মিশন সামনে রেখে নিজেদের সেরা রণকৌশল সাজাতে প্রস্তুত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য আগেই চূড়ান্ত দল ঘোষণা করেছে সেলেসাওরা। এবার বিশ্বকাপের প্রস্তুতির জন্য পছন্দমতো ক্যাম্প ঠিক করেছে ব্রাজিল।

মিশন ২০২৬ বিশ্বকাপ। লক্ষ্য-ষষ্ঠবারের মতো বিশ্বজয়। আর এই লক্ষ্য পূরণে এবার মাঠের লড়াইয়ের আগেই মাস্টারস্ট্রোক দিল ব্রাজিল। মার্কিন মুলকে সাম্বা ঝড় তুলতে সেলেসাওরা তাদের হেডকোয়ার্টার বানাচ্ছে নিউ জার্সির মরিস টাউনশিপের ‘কলম্বিয়া পার্ক ট্রেনিং ও পারফরম্যান্স সেন্টার’কে।

এই প্রশিক্ষণ কেন্দ্রটি বেছে নেয়ার মূল কারণ হলো, এটি উত্তর আমেরিকার সবচেয়ে উদ্ভাবনী ফুটবল ট্রেনিং সেন্টার। ৮০ একর জমির ওপর গড়ে উঠা এই হাই-টেক দুর্গে থাকছে আটটি আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ।

যেখানে রয়েছে উত্তপ্ত সেচযুক্ত প্রাকৃতিক ঘাস এবং টার্ফ সারফেসের মিশ্রণ। আধুনিক জিম এবং খেলোয়াড়দের পারফরম্যান্স মাপার জন্য আউটডোর এলাকায় মাল্টি-অ্যাঙ্গেল ক্যামেরা ট্র্যাকিং সিস্টেম, সেই সঙ্গে মেডিকেল সুইট তো রয়েছেই।

আরও পড়ুন:

সিবিএফ জানায়, দলগুলোর জন্য প্রস্তাবিত ক্যাম্পগুলোর মধ্যে এই পার্কটা ছিল অন্যতম চাহিদাসম্পন্ন। এই সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলত্তি।

তিনি বলেন, ‘ট্রেনিং সেন্টারটি নতুন এবং সবধরনের আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন। এখানে অনুশীলনের জন্য বিশ্বমানের সুবিধা এখানে রয়েছে।’

এবারের গ্রুপপর্বের বৈতরণী পার হতে ব্রাজিলকে লড়তে হবে গ্রুপ সি-তে। যেখানে সাম্বা ট্যাকটিক্সের পরীক্ষা নেবে মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতি। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের যুদ্ধ। এরপর সেলেসাওরা ক্ষিপ্রতা দেখাবে ফিলাডেলফিয়া আর মায়ামির সবুজ গালিচায়।

আধুনিক প্রযুক্তির এই দুর্গে তৈরি হওয়া ছক কতখানি সফল হবে মাঠের লড়াইয়ে? আনচেলত্তির মগজাস্ত্র আর ফুটবলারদের পায়ের যাদুতে দুই যুগের শিরোপা খরা কি ঘুচবে এবার? উত্তর পাওয়া যাবে ব্রাজিলের মাঠের ফুটবলে।

এসএস