এশিয়ান গেমসের ব্যর্থতা কাটিয়ে উঠতে কঠোর পদক্ষেপের ইঙ্গিত প্রতিমন্ত্রীর

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক | ছবি: এখন টিভি
0

এশিয়ান গেমসে ব্যর্থতার জন্য ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ নিয়ে এরইমধ্যে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অন্যান্য ইভেন্টগুলোতে ব্যর্থতার কারণও খতিয়ে দেখার পাশাপাশি সাফল্য পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাসও দিয়েছেন আমিনুল হক।

এশিয়ান গেমসে ক্রিকেট নিয়ে স্বপ্ন ছিল বড়। কারণ ক্রিকেটের হাত ধরেই এই আসরের একমাত্র স্বর্ণপদকটি জয় করে বাংলাদেশ। তবে এবার শোচনীয়ভাবে হেরে শূন্য হাতে ফিরেছে ক্রিকেটাররা। এমন পারফরম্যান্সের কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘ক্রিকেটের কাছে প্রত্যাশা আমাদের সবারই অনেক বেশি। বিশ্বকাপের মতো আসরে আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা খেলে থাকে। আন্তর্জাতিক অঙ্গনেও তাদের সুনাম রয়েছে। সবকিছু মিলিয়ে শুধু ক্রিকেট না আমি মনে করি আমাদের ফুটবলের রেজাল্টও আশানুরুপ না।’

শুধু ক্রিকেট নয়, এশিয়ান গেমসে ২২টি ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশের একমাত্র অর্জন উশুতে ব্রোঞ্জপদক জয়। বাকি সব ইভেন্ট থেকে খালি হাতে ফিরেছেন বাংলাদেশের খেলোয়াড়রা। এমন ব্যর্থতার পর নড়েচড়ে বসছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ভবিষ্যতে পদকের লড়াইয়ে নামতে এখন থেকেই প্রস্তুতি শুরুর আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী।

আমিনুল ইসলাম বলেন, ‘নতুনভাবে আমরা শুরু করতে চাচ্ছি। এশিয়ান গেমসের পর আমরা বছরব্যাপী যে ট্রেইনিং মডিউল তৈরি করবো সেখানে যেন কোনো ঘাটতি না থাকে সেখানে সরকারিভাবে সব সহযোগিতা করা হবে।’

সরকারের পাশাপাশি ফেডারেশনগুলো মনোযোগী হলে আর খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে বাংলাদেশও বৈশ্বিক আসরগুলোতে দাপট দেখাতে পারবে বলেই বিশ্বাস সবার।

এএইচ