লাপোর্তার সঙ্গে দূরত্বে ঝুলে গেছে বার্সেলোনায় মেসির বিদায়ী সংবর্ধনা!

বার্সেলোনা থেকে বিদায় নেয়ার মুহূর্তে লিওনেল মেসি
বার্সেলোনা থেকে বিদায় নেয়ার মুহূর্তে লিওনেল মেসি | ছবি: সংগৃহীত
0

কিছুদিন আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। এরই মধ্যে প্রশ্ন উঠছে, যে ক্লাব থেকে তিনি বিশ্বসেরা হয়েছেন সেই বার্সেলোনা থেকে কি তিনি বিদায়ী সংবর্ধনা নেবেন? গুঞ্জন রয়েছে, বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে দূরত্বের কারণে বার্সেলোনায় আর পা রাখতে চান না এলএমটেন। তবে ক্লাবের সাবেক সভাপতি জোয়ান গ্যাসপার্টের মতে, বার্সেলোনায় আসা উচিত মেসির।

ফুটবল বিশ্বে লিওনেল মেসির অর্জন এবং বার্সেলোনার সাথে তার সম্পর্ক এক সুতোয় গাঁথা। ১৩ বছর বয়সে এই আর্জেন্টাইন জাদুকরকে বার্সেলোনায় নিয়ে আসার পেছনে মূল ভূমিকা ছিলো তৎকালীন সভাপতি হুয়ান গ্যাসপার্টের। সেই পুরনো সম্পর্কের টানেই গ্যাসপার্ট এখন সোচ্চার হয়েছেন মেসির বার্সেলোনায় ফেরা নিয়ে।

অনেকের মতে বার্সেলোনা বোর্ড এবং মেসির বর্তমান সম্পর্ক কিছুটা শীতল। ২০২২ সালে মেসি বার্সা ছাড়ার পর থেকে লাপোর্তার সঙ্গে তার সম্পর্কটা খুব একটা ভলো নেই। গুঞ্জন রয়েছে, লাপোর্তা যতদিন ক্লাবের সভাপতি পদে আছেন, ততদিন আনুষ্ঠানিকভাবে বার্সেলোনায় বিদায়ী সংবর্ধনা নিতে যাবেন না এলএমটেন।

আরও পড়ুন:

সম্প্রতি এক পডকাস্টে এ বিষয়ে গ্যাসপার্ট স্পষ্ট ভাষায় বলেছেন, মেসিকে ঘিরে যতই গুঞ্জনই থাকুক না কেন, ক্যাম্প ন্যুতে এসে সমর্থকদের বিদায় জানানো উচিত তার। আর সেটি বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তা দায়িত্বে থাকা অবস্থাতেই মেসির বার্সায় আসা উচিত। একইসঙ্গে গ্যাসপার্ট কিছুটা কঠোর সুরেই বলেন, ‘বার্সেলোনা ক্লাব তার চেয়েও বড়, ক্লাব সবসময় সবার ওপরে।’

জোয়ান গ্যাসপার্ট সাফ জানিয়ে দিয়েছেন, লাপোর্তা থাক বা না থাক, ক্লাবের ভালোবাসার টানে মেসির উচিত বার্সেলোনায় এসে ভক্তদের মুখোমুখি হওয়া। এমনকি তিনি এও বলেছেন যে, লাপোর্তার বিদায়ের পর মেসি যদি সংবর্ধনা নিতে আসেন, তবে তিনি সেই অনুষ্ঠানে যাবেন না।

খেলোয়াড় বনাম ক্লাব-এই চিরন্তন দ্বন্দ্বে গ্যাসপার্টের বক্তব্য বেশ নাড়া দিয়েছে ফুটবল অনুরাগীদের। মেসি ভক্তরা চান তাদের প্রিয় তারকা সম্মানের সঙ্গে বার্সেলোনা থেকে বিদায় নিক। এখন দেখার বিষয়, সমস্ত দূরত্ব ভুলে ক্যাম্প ন্যু’র চেনা মাঠে শেষবারের মতো ভক্তদের ভলোবাসায় সাড়া দিতে আসেন কি না ফুটবলের এই বরপুত্র।

এসএইচ