কির্গিজস্থানের মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে জায়গা করে নিয়েছে ফর্টিস এফসি। এবার এশিয়ার ক্লাব ফুটবলের বড় মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের পালা।
২০ আগস্ট কুয়ালালামপুরে এএফসি সদর দপ্তরে অনুষ্ঠিত ড্রয়ে সি গ্রুপে জায়গা হয়েছে বাংলাদেশের ক্লাবটির। যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে ভারতের শক্তিশালী এফসি গোয়া, কুয়েতের আল-কাদসিয়া এসসি এবং তাজিকিস্তানের রেগার-তাদাজ।
ফর্টিস এফসির সভাপতি শাহীন হাসান বলেন, ‘যারা আছে ওরা ভাল টিম। আমরাও অবশ্য ওখানে ফাইট করতে যাব। আমরা একটা ভাল টিম নিয়ে যাব, যেন ভালো করতে পারি। যেহেতু মুরাস টিমের সাথে আমাদের ছেলেরা ভালো খেলে জিতে আসছে, অবশ্যই আমরা এটা নিয়ে আশাবাদী।’
গ্রুপ নিয়ে সন্তুষ্ট ফর্টিস সভাপতি। প্রতিটি দলই শক্তিশালী হলেও দলের মনোবল ভালো বলে মনে করছেন তিনি। কুয়েতে খেলা হওয়াকেও ইতিবাচক হিসেবে দেখছেন শাহিন হাসান।
ফর্টিস এফসির সভাপতি শাহীন হাসান বলেন, ‘কুয়েতে খেলা পড়ছি। যেহেতু কুয়েতে গরম আছে, আমাদের দেশে গরম আছে, এদিক দিয়ে একটা ভাল আছে। ভুটানে আমরা খেলাটা চাই নাই, সত্যি কথা যেটা। ভুটানে যে একটা টার্ফের মাঠে একটু ব্রিদিং করতে প্রবলেম হয়। আমাদের একটা প্ল্যান আছে যে, আমরা হয়তো ১২ থেকে ১৩ তারিখের দিকে রওনা দিব। কারণ ঐ যে দিন যেহেতু ওখানে একটা গরমের ব্যাপার-স্যাপার আছে, আমরা চাচ্ছি অ্যাটলিস্ট যেন চারটা চারটা সেশন ওখানে করতে পারি, ঐরকম একটা প্ল্যান করতেছি।’
১৭ থেকে ২৪ অক্টোবর কুয়েতেই অনুষ্ঠিত হবে গ্রুপের সব ম্যাচ। সিঙ্গেল রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল মুখোমুখি হবে একে অপরের। অর্থাৎ, তিন ম্যাচেই নিজেদের সেরাটা দিতে হবে ফর্টিসকে।
ওয়েস্ট জোনের তিন গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা রানার্স-আপ উঠবে কোয়ার্টার ফাইনালে। তাই শুধু অংশগ্রহণ নয়, গ্রুপ পর্ব পেরিয়ে আরও বড় স্বপ্ন দেখছে বাংলাদেশের ক্লাবটি।
ফর্টিস এফসির সভাপতি শাহীন হাসান বলেন, ‘প্লেয়ারদের একটা ওরা মরালি আপ আছে, বুঝেন নাই? এবং ওদের ইচ্ছা আছে এখন থেকে। যা মানে যেটাই ওরা বলতেছে, ওরা যেভাবে করতে চাচ্ছে, ওদের ইচ্ছা আছে এবং আমরা একটা হোপ নিয়ে যাব এবং আমরা একটা যে দলটা ছিল, ওই দলটা থাকবে। এটার পাশাপাশি আমরা আরও কয়েকটা ভালো রিক্রুটমেন্ট নিয়ে একটা ভালো দল নিয়ে যাব। ইনশাআল্লাহ, যেহেতু দেশকে রিপ্রেজেন্টেটিভ করব এখানে, বাংলাদেশের ফ্ল্যাগ থাকবে, একটা ভালো দল নিয়ে যাব, একটা ভালো ফাইট করব। ইনশাআল্লাহ, আমরা জয়ের জন্যই যাব।’
মুরাস ইউনাইটেডের বিপক্ষে ঐতিহাসিক জয় দিয়ে যে যাত্রা শুরু হয়েছে, এবার কুয়েতের মাটিতে সেটিই নতুন উচ্চতায় নিয়ে নেয়ার চ্যালেঞ্জ ফর্টিস এফসির।





