চ্যাম্পিয়ন্স লিগের পর এবার উয়েফা সুপার কাপও পিএসজির

উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি
উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি | ছবি: সংগৃহীত
0

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পর এবার উয়েফা সুপার কাপও নিজেদের করে নিলো পিএসজি। অস্ট্রিয়ায় অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই ট্রফি জিতেছে লুইস এনরিকের দল। দারুণ গোল করে ম্যাচে আলো ছড়িয়েছেন খাভিচা কাভারাৎসখেলিয়া, আর জয়সূচক গোলটি করেছেন দেজিরে দুয়ে।

মৌসুমের শুরুতেই শিরোপার লড়াই। অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় মুখোমুখি আগের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ী পিএসজি ও অ্যাস্টন ভিলা।

শুরু থেকেই বল দখলে আধিপত্য পিএসজির। ২০তম মিনিটে তারই ফল মেলে। সতীর্থের পাস ডি-বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণ করে, দ্বিতীয় ছোঁয়ায় একজন ডিফেন্ডারকে কাটিয়ে জোরাল শটে গোল করেন জর্জিয়ান তারকা খাভিচা কাভারাৎসখেলিয়া।

পিছিয়ে পড়ে অবশ্য ভেঙে পড়েনি অ্যাস্টন ভিলা। পাল্টা আক্রমণে একের পর এক সুযোগ তৈরি করতে থাকে তারা। আর বিরতির ঠিক আগে আসে সমতা। জন ম্যাকগিনের নিখুঁত ক্রস থেকে ছয় গজ বক্সের সামনে দারুণ ফিনিশিংয়ে গোল করেন মাত্র ১৭ বছর বয়সী ব্রায়ান।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে ৬১ মিনিটে আবারও এগিয়ে যায় পিএসজি। বদলি নেমে উসমান দেম্বেলের দারুণ পাস ধরে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন দেজিরে দুয়ে।

শেষ দিকে সমতা ফেরানোর চেষ্টা করেও সফল হয়নি ভিলা। ফলে ২-১ গোলের জয় নিয়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ ঘরে তোলে পিএসজি।

২০২৩ সালে পিএসজির দায়িত্ব নেয়ার পর লুইস এনরিকের এটি ১৩তম ট্রফি। এর মধ্যে রয়েছে টানা তিনটি লিগ আঁ এবং টানা দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

ইএ