বিশ্বকাপের পর ক্লাব ফুটবলে শুরুর একাদশে ফিরেই আবারও নিজের জাদু দেখালেন লিওনেল মেসি। সান লুইসের বিপক্ষে জোড়া গোলের সঙ্গে এক অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে ৪-২ গোলের দারুণ জয় উপহার দিয়েছেন আর্জেন্টাইন তারকা। তার নৈপুণ্যে লিগস কাপে জয় দিয়ে শুরু করেছে মায়ামি।
ম্যাচের শুরুতেই অবশ্য ধাক্কা খায় স্বাগতিকরা। চতুর্থ মিনিটে ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে যায় মেক্সিকোর ক্লাব অ্যাতলেটিকো দে সান লুইস। তবে মাত্র সাত মিনিট পরই নোয়া অ্যালেনের ক্রস থেকে দুর্দান্ত ভলিতে সমতা ফেরান মেসি। বিশ্বকাপের পর ইন্টার মায়ামির জার্সিতে এটিই ছিল তার প্রথম গোল।
২৬ মিনিটে তেলাসকো সেগোভিয়ার গোলে এগিয়ে যায় মায়ামি। এরপর ৪৪ মিনিটে আবারও অ্যালেনের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এই জোড়া গোলে লিগস কাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন মেসি। ২০২৩ সালে নতুন সংস্করণ শুরুর পর ১২ ম্যাচে তার গোল এখন ১৪টি। ভেঙে দিয়েছেন এলএএফসির দেনি বুয়াঙ্গার ১৩ গোলের রেকর্ড। একই সঙ্গে এটি ছিল লিগস কাপে মেসির পঞ্চম জোড়া গোলের ম্যাচ।
প্রথমার্ধের যোগ করা সময়ে তার কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান ৪-১ করেন মিকায়েল। দ্বিতীয়ার্ধে রাফায়েল লোরেন্তে একটি গোল শোধ দিলেও প্রবল বৃষ্টিতে খেলা কিছু সময় বন্ধ থাকার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি সান লুইস। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। আগামী ৯ আগস্ট মেক্সিকোর আরেক ক্লাব মন্তেরের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি।





