অবৈধভাবে সমুদ্রপথে সিউতায় পৌঁছানোর চেষ্টা; প্রাণ হারালেন মরক্কোর নারী ফুটবলার

ফাতেন বেন ওমর এল আজিজি
ফাতেন বেন ওমর এল আজিজি | ছবি: সংগৃহীত
0

উন্নত জীবনের স্বপ্ন দেখতে গিয়ে প্রাণ হারালেন মরক্কোর উদীয়মান নারী ফুটবলার ফাতেন বেন ওমর এল আজিজি। অবৈধভাবে সমুদ্রপথে স্পেনের সিউতা শহরে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে সাগরে ডুবে মারা গেছেন তিনি। তার মৃত্যুতে শোক নেমে এসেছে মরক্কোর ফুটবল অঙ্গনে।

নিরাপদ জীবনের স্বপ্ন মানুষকে কতটা ঝুঁকি নিতে বাধ্য করতে পারে তারই এক মর্মান্তিক উদাহরণ মরক্কান ফুটবলার ফাতেনের মৃত্যু। স্বপ্ন আর বাস্তব হলো না, মাঝপথেই হারাতে হলো প্রাণ।

স্থানীয় সংবাদমাধ্যম ও স্প্যানিশ বার্তা সংস্থা ইএফইর তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার মরক্কো ও স্পেনের সীমান্তবর্তী সিউতা এলাকায় হাজারো মানুষ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন। অর্থনৈতিক সংকট ও উন্নত জীবনের আশায় ফাতেনসহ অনেক তরুণ-তরুণী উত্তাল সমুদ্রে নামেন।

সাঁতরে সীমান্ত পার হওয়ার সময় প্রবল স্রোতের মুখে পড়ে যান ফাতেন। শেষ পর্যন্ত তিনি তীরে পৌঁছাতে পারেননি। উদ্ধার হওয়ার আগেই সমুদ্রেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন:

ফাতেন স্থানীয় আঞ্চলিক ফুটবল চ্যাম্পিয়নশিপের একজন পরিচিত খেলোয়াড় ছিলেন। তার পরিবারও দীর্ঘদিন ধরে স্থানীয় ফুটবলের সঙ্গে যুক্ত। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার ক্লাব মাগরেব অ্যাতলেতিকো তেতোয়ান।

ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ফাতেন খ্যাতি কিংবা রোমাঞ্চের জন্য নয়, বরং একটি নিরাপদ ও উন্নত ভবিষ্যতের আশায় এই ঝুঁকিপূর্ণ যাত্রায় নেমেছিলেন। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই তার জীবন থেমে গেল।

এদিকে মরক্কোর পেশাদার ফুটবলারদের সংগঠনও ফাতেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনটি তার পরিবার, সতীর্থ এবং পুরো মরক্কোর ফুটবল সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়েছে।

সাম্প্রতিক সীমান্ত সংকটে প্রায় ৬০ হাজার মানুষ মরক্কো থেকে সিউতায় প্রবেশের চেষ্টা করেছেন। স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্যমতে, এখন পর্যন্ত অন্তত ৬৭ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। ফাতেনের মৃত্যু আবারও অবৈধ অভিবাসনের ঝুঁকি ও এর ভয়াবহ মানবিক মূল্যকে সামনে নিয়ে এসেছে।

এসএইচ