সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান। এতে সভাপতিত্ব করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। সভায় আরও বক্তব্য দেন এমআরএর পরিচালক আব্দুল মান্নান, জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য শেখ কামরুল হাসান প্রমুখ।
মতবিনিময় সভায় দেশের প্রায় অর্ধ শতাধিক বৃহৎ এনজিওর প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া অর্থ বিভাগ, জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ড. মো. সুরাতুজ্জামান বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থা নাগরিকের দীর্ঘমেয়াদি আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি এনজিওগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি তাদের বিস্তৃত কর্মপরিধি, মাঠপর্যায়ের কার্যক্রম এবং উপকারভোগীদের সঙ্গে বিদ্যমান যোগাযোগব্যবস্থাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের মধ্যে সর্বজনীন পেনশন সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
আরও পড়ুন:
এনজিও প্রতিনিধিদের নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে পেনশন স্কিমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন তিনি। নির্বাহী চেয়ারম্যান বলেন, এনজিওগুলো দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে। ফলে তাদের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণ সর্বজনীন পেনশন ব্যবস্থার বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া এবং অধিকসংখ্যক মানুষকে এ ব্যবস্থার আওতায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভাপতির বক্তব্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রসার এবং এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম, নিবন্ধন প্রক্রিয়া, বিভিন্ন স্কিমের বৈশিষ্ট্য এবং এনজিওগুলোর মাধ্যমে তৃণমূল পর্যায়ে এ কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। এতে অংশ নেয়া এনজিও প্রতিনিধিরা এ উদ্যোগের বিষয়ে তাঁদের মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন।




