বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার বিক্রির পরিকল্পনায় ধাক্কা, এবার এএফসিরও ‘না’

এএফসি ও ফিফা
এএফসি ও ফিফা | ছবি: এখন টিভি
0

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ‘উচ্চাভিলাষী পরিকল্পনা’ বড় ধরনের বাধার মুখে পড়েছে। ইউরোপ ও উত্তর, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থার পর এবার বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক অধিকার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে দেয়ার প্রস্তাবের বিরোধিতা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

আজ (শুক্রবার, ৩১ জুলাই) এক বিবৃতিতে এএফসি জানায়, তারা ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় ফুটবল সংস্থা কনকাকাফের অবস্থানের সঙ্গে একমত। সংস্থাটির মতে, ফিফার এই প্রস্তাব প্রয়োজনীয় ঐকমত্য ও ঐক্য তৈরি করতে পারবে না।

এএফসি বলেছে, বিশ্বকাপ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি পুরো বিশ্ব ফুটবলের ঐতিহ্য। এই আসরের শক্তি এসেছে সব কনফেডারেশন ও বিশ্বের সেরা ফুটবল দেশগুলোর অংশগ্রহণ থেকে। তাই এমন কোনো উদ্যোগ নেয়া উচিত নয়, যা বিশ্বকাপের সার্বজনীনতা ও ঐক্যকে ক্ষতিগ্রস্ত করে।

এশিয়ার ৪৬ সদস্য দেশের সমর্থন হারানো ইনফান্তিনোর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ফিফার ২১১ সদস্য দেশের ভোটে কোনো প্রস্তাব পাশ করতে প্রয়োজন ১০৬টি ভোট। উয়েফার ৫৫, কনকাকাফের ৩৫ এবং এএফসির ৪৬ ভোট মিলিয়ে ১৩৬টি ভোট রয়েছে। ফলে এই তিন অঞ্চলের সম্মিলিত বিরোধিতা প্রস্তাবটি আটকে দিতে পারে।

এএফসি শুধু প্রস্তাবের বিরোধিতা নয়, ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছে। সংস্থাটির অভিযোগ, সদস্য দেশগুলোর সঙ্গে যথাযথ আলোচনা ছাড়াই গুরুত্বপূর্ণ এই উদ্যোগ নেয়া হয়েছে। এমনকি ফিফার নিজস্ব প্রশাসনিক কাঠামোকেও উপেক্ষা করা হয়েছে বলে দাবি করেছে তারা।

আরও পড়ুন:

এর আগে উয়েফা জানিয়েছিল, ইনফান্তিনোর পরিকল্পনা বাস্তবায়িত হলে ভবিষ্যতের বিশ্বকাপ বয়কটের বিষয়টিও বিবেচনা করতে পারে তারা। পরে কনকাকাফও একই ধরনের অবস্থান নেয়।

তবে বিরোধিতা সত্ত্বেও পরিকল্পনা থেকে সরে আসেনি ফিফা। সংস্থাটি জানিয়েছে, তারা উদ্যোগটি এগিয়ে নেয়ার কাজ চালিয়ে যাবে। একই সঙ্গে ফিফার দাবি, ‘কেউ ফুটবল বিক্রি করছে না।’ নতুন কাঠামোর মাধ্যমে ফুটবলের উন্নয়ন ও বাণিজ্যিক কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্য রয়েছে বলেও জানিয়েছে তারা।

ফিফার পরিকল্পনা অনুযায়ী, ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে নতুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠন করা হবে। এই প্রতিষ্ঠান বিশ্বকাপসহ ফিফার বড় প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে। এতে বাইরের বিনিয়োগকারীরা সংখ্যালঘু অংশীদার হতে পারবেন।

তবে উয়েফা এই উদ্যোগের কঠোর সমালোচনা করে বলেছে, বিশ্বকাপ কোনো বিনিয়োগ পণ্য নয়। এটি খেলোয়াড়, জাতীয় দল ও কোটি কোটি সমর্থকের অবদানে তৈরি ফুটবলের সবচেয়ে বড় ঐতিহ্য।

এদিকে, দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা ‘কনমেবল’ এখনো আনুষ্ঠানিক অবস্থান জানায়নি। আফ্রিকার সিএএফ ও ওশেনিয়ার ওএফসিও আগস্টে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে।

এসএইচ