ফিফা 'ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ' নামে ২ হাজার কোটি ডলার মূল্যের একটি নতুন প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করেছে। প্রস্তাব অনুযায়ী, এই প্রতিষ্ঠানের ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। ফিফার দাবি, এর মাধ্যমে সদস্য দেশগুলোর উন্নয়ন অনুদান উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হবে।
তবে এই পরিকল্পনার বিরোধিতা করছে বিশ্বের অন্যতম শক্তিশালী দুই কনফেডারেশন। এর আগে উয়েফা জানিয়েছে, বিতর্কিত এই প্রস্তাব অনুমোদন পেলে ইউরোপের ৫৫টি সদস্য দেশ বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বর্জনের পথে হাঁটতে পারে।
এবার কনকাকাফের ৪১টি সদস্য দেশের প্রতিনিধিরাও বৈঠক শেষে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। সংস্থাটির দাবি, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের জন্য অস্বাভাবিকভাবে কম সময় দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর যথাযথ পর্যালোচনাও হয়নি।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, প্রস্তাব অনুমোদন হলে সদস্য দেশগুলোর জন্য উন্নয়ন অনুদান বাড়ানো হবে। তবে তা না হলে অনুদানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
আগামী ১৯ সেপ্টেম্বর ফিফার ২১১ সদস্য দেশের ভোটে নির্ধারিত হবে এই প্রস্তাবের ভবিষ্যৎ। তবে উয়েফার পর কনকাকাফের বিরোধিতায় বিতর্কিত পরিকল্পনাটি পাস করানো এখন ফিফার জন্য আরও কঠিন হয়ে উঠেছে।





