ইনফান্তিনোর পরিকল্পনায় ক্ষুব্ধ উয়েফা, বিশ্বকাপ বয়কটের হুমকি

উয়েফা ও ফিফা সভাপতি
উয়েফা ও ফিফা সভাপতি | ছবি: সংগৃহীত
0

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত এক বাণিজ্যিক পরিকল্পনার বিরুদ্ধে একাট্টা হয়েছে ইউরোপীয় ফুটবলের অভিভাবক উয়েফা। টুর্নামেন্টগুলোর শেয়ার বা মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির সিদ্ধান্ত মেনে নেয়নি ইউরোপ। এক জরুরি বৈঠকে উয়েফার ৫৫টি সদস্য দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে-ইনফান্তিনো এই পরিকল্পনা বাস্তবায়ন করলে বিশ্বকাপসহ ফিফার সব টুর্নামেন্ট বয়কট করবে তারা।

বিশ্বকাপসহ প্রধান সব টুর্নামেন্ট পরিচালনা করতে একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গড়তে চান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। গুঞ্জন উঠেছে, সেই প্রতিষ্ঠানের বড় একটি শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪.২ বিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহ করাই লক্ষ্য ফিফা প্রধানের।

এমনকি এই প্রস্তাবে সমর্থন পেতে ২১১টি সদস্য দেশকে ৪০ মিলিয়ন ডলার করে অনুদানের প্রলোভনও দেয়া হয়েছে। যেখানে ১৯ সেপ্টেম্বরের মধ্যে সম্মতি দিলেই মিলবে প্রথম কিস্তির ১৫ মিলিয়ন ডলার।

তবে ফিফার এই উদ্যোগ সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ে উয়েফা। উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন সাফ জানিয়ে দিয়েছে, ‘ফিফা এবার সীমারেখা অতিক্রম করেছে’। উয়েফার অভিযোগ-ফুটবলের উন্নয়ন নয়, নিজেদের আর বন্ধুদের পকেট ভারী করতেই ইনফান্তিনোর এই রূপরেখা।

আরও পড়ুন:

পরিস্থিতি পর্যালোচনায় ইউরোপের ৫৫টি ফুটবল অ্যাসোসিয়েশনকে নিয়ে জরুরি বৈঠক ডাকে উয়েফা। গতকালের (বৃহস্পতিবার, ৩০ জুলাই) এই বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়-‘বিশ্বকাপ কোনো বাণিজ্যিক পণ্য নয়, এটি বিশ্ব ফুটবলের ঐতিহ্য।’

ফিফা তাদের সিদ্ধান্তে অনড় থাকলে আগামী বিশ্বকাপ এবং ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপসহ সব আন্তর্জাতিক টুর্নামেন্ট বর্জন করবে ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, স্পেনসহ ইউরোপের দেশগুলো।

কাগজে-কলমে ফিফার ২১১ সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটেই এই পরিকল্পনা পাস করা সম্ভব হলেও, উয়েফার বিশ্বকাপ বর্জনের হুমকিতে কার্যত ভেস্তে যেতে বসেছে ইনফান্তিনোর ৪.২ বিলিয়ন ডলারের এই প্রকল্প। ইউরোপীয় দেশগুলো ছাড়া বিশ্বকাপ আয়োজন মানে টুর্নামেন্টটির মূল আকর্ষণই হারিয়ে যাওয়া। সেইসাথে ইউরোপের অনুপস্থিতি ধস নামাতে পারে ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপেও।

এসএস