অস্ট্রেলিয়ার টেস্টের ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে— দাবি সিডনি মর্নিং হেরাল্ডের

জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স ও নাথান লায়ন
জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স ও নাথান লায়ন | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল ঘোষণা করে তোপের মুখে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। বিখ্যাত ‘সিডনি মর্নিং হেরাল্ড’ অভিযোগ করেছে, এর মাধ্যমে ‘ধ্বংস করে ফেলা হচ্ছে অস্ট্রেলিয়ার টেস্ট দলের ভবিষ্যত’।

বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়েই মাঠে নামছে টিম অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্কদের পাশাপাশি স্কট বোল্যান্ড, ট্রভিস হেডরাও আছেন স্কোয়াডে। বাদ পড়েছেন গত এক বছর ধরে পরীক্ষায় থাকা পিটার ম্যাকসুয়েইনি, অলি পিক, স্যাম কনস্টাসদের মতো তরুণ মুখেরা। আর এতেই আপত্তি তুলেছে অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলো।

বিখ্যাত অজি পত্রিকা ‘সিডনি মর্নিং হেরাল্ড’ এমন স্কোয়াড ঘোষণা করায় সরাসরি প্রশ্ন তুলেছে জর্জ বেইলির নির্বাচক প্যানেল নিয়ে। অভিজ্ঞ ক্রিকেটারদের বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলানোর যৌক্তিকতা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানো হয়েছে তাতে।

তাদের অভিযোগ, বাংলাদেশ সিরিজে সিনিয়র ক্রিকেটারদের খেলানো হলে তা ভারত-ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে সিরিজের আগে ক্লান্তির কারণ হতে পারে। নাজমুল শান্তদের বিপক্ষে তরুণ মুখদের সুযোগ না দেয়ায় সমালোচনা করা হয় সেই নিবন্ধে।

সিডনি মর্নিং হেরাল্ডের আরেক প্রতিবেদনে জশ হ্যাজেলউডকে এ সিরিজে খেলানো ‘বেশ বিরক্তিকর’ বলেও উল্লেখ করা হয়েছে। নিজের সবশেষ ৬ টেস্ট সিরিজেই প্রথম ম্যাচের পর ইনজুরিতে পড়েছিলেন তিনি। বাংলাদেশ সিরিজে তাকে খেলানোর যৌক্তিকতা খুঁজছে পত্রিকাটি। তাদের অভিযোগ এর মাধ্যমে অস্ট্রেলিয়ার টেস্ট ভবিষ্যতকেই নষ্ট করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার ক্রীড়াভিত্তিক গণমাধ্যম দ্য রোর তাদের এক কলামে জানিয়েছে, এ সিরিজে নির্বাচকদের মূলত দল নিয়ে ঘাটতি পূরণের দিকে নজর দেয়া উচিত ছিলো। তবে, তুলনামূলক নিকট ভবিষ্যতের টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে পুরো শক্তির স্কোয়াড খেলাচ্ছে অস্ট্রেলিয়া। যা নিয়ে আপত্তি আছে অজি ক্রিকেট অঙ্গনে।

জেআর