আন্তর্জাতিক ফুটবলকে আর্জেন্টাইন তারকা ফুটবলারের বিদায়

নিকোলাস ওটামেন্ডি
নিকোলাস ওটামেন্ডি | ছবি: সংগৃহীত
0

আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম নির্ভরতার প্রতীক নিকোলাস ওটামেন্ডি। দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন এই অভিজ্ঞ সেন্টার-ব্যাক। বিশ্বকাপ, কোপা আমেরিকা আর ফিনালিসিমা জয়ের গৌরব নিয়ে জাতীয় দলকে বিদায় জানালেন তিনি।

গুঞ্জনটা ছিলো আগে থেকেই; অবশেষে এলো এর আনুষ্ঠানিক ঘোষণা। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন আর্জেন্টিনার দীর্ঘদিনের রক্ষণ সেনানী নিকোলাস ওটামেন্ডি।

২০০৯ সালে স্বপ্নের আকাশী-নীল জার্সিতে অভিষেক। ধারাবাহিক পারফরম্যান্সে ধীরে ধীরে দলের রক্ষণভাগের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন ওটামেন্ডি। দেশের হয়ে খেলেছেন ১৩৯টি আন্তর্জাতিক ম্যাচ। অংশ নিয়েছেন চারটি বিশ্বকাপে।

ওটামেন্ডির ক্যারিয়ারের সেরা অর্জন ২০২২ কাতার বিশ্বকাপের শিরোপা জয়। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

আরও পড়ুন:

শুধু তাই নয়, ২০২১ ও ২০২৪ সালে টানা দুটি কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফিনালিসিমা জয়ী দলের অন্যতম অভিজ্ঞ সদস্য ছিলেন এ ডিফেন্ডার।

লিওনেল মেসির নেতৃত্বে গড়ে ওঠা আর্জেন্টিনার সফল প্রজন্মের অন্যতম স্তম্ভ ছিলেন ওটামেন্ডি। মাঠে তার লড়াকু মানসিকতা এবং নেতৃত্বের গুণ আর্জেন্টিনার রক্ষণকে দিয়েছিল আলাদা শক্তি। ২০২৬ বিশ্বকাপ ফাইনালই ছিল দেশের হয়ে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

আর্জেন্টিনার জার্সিতে প্রায় দেড় যুগ ধরে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন নিকোলাস ওটামেন্ডি। তার বিদায়ে শেষ হলো আলবিসেলেস্তেদের সোনালি প্রজন্মের আরেকটি অধ্যায়।

এসএইচ