অপ্টার পরিসংখ্যান: বিশ্বকাপের ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড!

অপ্টার সুপার কম্পিউটার
অপ্টার সুপার কম্পিউটার | ছবি: সংগৃহীত
0

আর্জেন্টিনা নয়, বিশ্বকাপের ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে নিজেদের সম্ভাব্যতার পরিসংখ্যান দিয়ে আলোড়ন তোলা অপ্টা এমনই খবর হাজির করেছে বিগ ম্যাচের আগে। যেখানে সব সমীকরণেই ইংলিশদের এগিয়ে রাখছে অপ্টা।

১৯৮৬ এবং ১৯৯৮. দুইবারই ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে আর্জেন্টিনা জয় পেয়েছিল অ্যাওয়ে জার্সিতে। বিপরীতে ২০০২ সালে হারতে হয়েছিল হোম জার্সিতে। কুসংস্কার মেনেই কি না, এবারও সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার গায়ে থাকছে না আকাশী-সাদা জার্সি। কিন্তু, তাতে শেষ রক্ষা হচ্ছে কি না, সেটাও এক প্রশ্ন। অপ্টার সুপারকম্পিউটার ম্যাচের রায় দিচ্ছে ইংল্যান্ডের দিকেই।

চলতি বিশ্বকাপে চার সেমিফাইনালিস্টের নাম টুর্নামেন্টের আগেই ঘোষণা করেছিল অপ্টা। একাধিক দলের ক্ষেত্রেই সুপার কম্পিউটারের হিসেব ছিল নির্ভুল। এবারে তাদের গণনা যাচ্ছে ইংল্যান্ডের পক্ষেই।

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড ৯০ মিনিটের মাঝেই ম্যাচ জিতবে এমন সম্ভাবনা দেখানো হয়েছে ৩৮ দশমিক ২ শতাংশ। বিপরীতে নির্ধারিত সময়ে আর্জেন্টিনা ম্যাচ জিতবে সেই সম্ভাবনা মোটে ৩২ শতাংশ। আর ম্যাচ অতিরিক্ত সময় বা পেনাল্টিতে গড়াবে সেই সম্ভাবনা আছে ২৯ দশমিক ৭ শতাংশ।

অতিরিক্ত সময়ে গেলে আর্জেন্টিনার সম্ভাবনা কিছুটা বেড়েছে। অবশ্য তাতেও ইংল্যান্ডকেই এগিয়ে রাখা হচ্ছে। সার্বিকভাবে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ধরা হচ্ছে ৪৮ দশমিক ১ শতাংশ। আর ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা আছে ৫১ দশমিক ৯ শতাংশ।

যদিও অপ্টার এ গণনার পরেও আলবিসেলেস্তেদের অতীতটা দিচ্ছে ভরসা। বিশ্বকাপ ইতিহাসে আর্জেন্টিনার সেমিফাইনালে শতভাগ জয়ের পরিসংখ্যান এবং সর্বোচ্চ ১১টি অতিরিক্ত সময়ের ম্যাচ জয়ের মতো স্মৃতি মেসির দলকে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস।

জেআর