গোলসংখ্যায় এগিয়ে কোন বিশ্বকাপ, এবারের আসরের অবস্থান কোথায়?

বিশ্বকাপ ট্রফি
বিশ্বকাপ ট্রফি | ছবি: সংগৃহীত
0

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের গোলের সংখ্যা ছাড়িয়ে গেছে আগের সব আসরকে। কোনো বিশ্বকাপের গোলের গড় আকাশছোঁয়া, আবার হয়তো পরের আসরেই তা নেমে গেছে নিচে— এমনই হয়ে আসছে এ পর্যন্ত। কোন বিশ্বকাপ ছিলো সবচেয়ে আক্রমণাত্মক, আর কোন আসরেই বা গোলের জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করতে হয়েছে ভক্তদের— ভক্ত-সমর্থদের ক্ষেত্রে এমন অজানা তথ্য জানার আগ্রহ থাকাটা কি খুব বেশি অস্বাভাবিক?

সময়ের সঙ্গে জনপ্রিয় হয়েছে ফুটবল, বেড়েছে খেলার গতি। আগের সব আসরকে ছাড়িয়ে গোলের হিসেবে নতুন ইতিহাস গড়েছে ২০২৬ বিশ্বকাপ।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে প্রতি ম্যাচে গোলের গড় ছিলো প্রায় ৩ দশমিক ৮৯। ১৯৫৪ সালের আসরে সর্বোচ্চ গোল গড় ছিলো ৫ দশমিক ৩৮। এরপর ১৯৯০ ইতালি বিশ্বকাপে নেমে আসে মাত্র ২ দশমিক ২১-এ। আবার ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে তা বেড়ে দাঁড়ায় প্রায় ২ দশমিক ৬৭। ২০২২ কাতার বিশ্বকাপে ৬৪ ম্যাচে হয়েছিল ১৭২ গোল, অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে ২ দশমিক ৫০ গোল।

আর এবার ২০২৬ বিশ্বকাপে ৪৮ দলের নতুন ফরম্যাটে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের ঝড়। গ্রুপ পর্বে প্রতি ম্যাচে গোলের গড় ছিল প্রায় ২ দশমিক ৯৪, যা ১৯৮৬ সালের পর সর্বোচ্চ। এরপর নকআউটেও বজায় আছে সেই ধারাবাহিকতা।

আরও পড়ুন:

সবচেয়ে বড় বিষয়, এই আসর এরই মধ্যেই ২০২২ কাতারের ১৭২ গোলের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে। ২০২৬ বিশ্বকাপে গোলসংখ্যা ১৭৩ ছাড়িয়ে গেছে, আর টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই এটি সর্বকালের সর্বোচ্চ গোলের বিশ্বকাপে পরিণত হয়েছে।

এর পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ। ৪৮ দলের অংশগ্রহণ, ১০৪ ম্যাচের দীর্ঘ সূচি, ছোট দলগুলোর সাহসী আক্রমণাত্মক ফুটবল এবং তারকাদের দুর্দান্ত ফিনিশিং। তাই পরিসংখ্যান বলছে, শুধু ম্যাচের সংখ্যা নয় গোলের ধারাবাহিকতা ও আক্রমণাত্মক ফুটবলের দিক থেকেও ২০২৬ বিশ্বকাপ জায়গা করে নিয়েছে ইতিহাসের অন্যতম সেরা আসরের কাতারে।

প্রশ্ন এখন একটাই ফাইনাল পর্যন্ত এই গোলবন্যা কোথায় গিয়ে থামে? নতুন কোন কোন রেকর্ড অপেক্ষা করছে? বিশ্বকাপের ইতিহাসে ২০২৬ কি শেষ পর্যন্ত গোলের সর্বকালের সেরা আসর হিসেবেই লেখা থাকবে?

এফএস