জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ দলে ভিড়িয়েছে মরক্কোর তারকা অ্যাটাকিং মিডফিল্ডার ইসমায়েল সাইবারিকে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই ট্রান্সফারের মূল্য প্রায় ৫৫ মিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকায় প্রায় ৭৭২ কোটি টাকার ওপরে।
চলমান বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় উঠে আসেন সাইবারি। চার ম্যাচে তিন গোল করার পাশাপাশি নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি শ্যুটআউটে জয়সূচক গোল করে দলকে পরের পর্বে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
বায়ার্নের সঙ্গে ২০৩১ সালের জুন পর্যন্ত চুক্তি করেছেন এ মরক্কান তারকা। নতুন ক্লাবে তিনি খেলবেন ৩৪ নম্বর জার্সি পরে। তবে এ নম্বর বেছে নেয়ার পেছনে রয়েছে এক আবেগঘন গল্প।
আরও পড়ুন:
২০১৭ সালে আয়াক্সের হয়ে খেলতে গিয়ে মাঠেই হৃদরোগে আক্রান্ত হন তার ঘনিষ্ঠ বন্ধু আবদেলহাক নুরি। সেই ঘটনার পর নুরি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। বন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে সাইবারি বেছে নিয়েছেন নুরির শেষ জার্সি নম্বর ৩৪।
বায়ার্নের ওয়েবসাইটে সাইবারি বলেন, ‘নুরি বেঁচে আছেন, কিন্তু নিজের চেষ্টায় নড়াচড়া করতে পারেন না। ৩৪ নম্বরটি ছিলো তার শেষ জার্সি নম্বর। এটি পরে আমি তাকে সমর্থন ও সম্মান জানাতে চাই।’
পিএসভি আইন্দহোভেনে টানা তিনটি ডাচ লিগ শিরোপা জয়ের পর এবার বুন্দেসলিগার মঞ্চে নিজেকে প্রমাণ করার অপেক্ষায় ইসমায়েল সাইবারি। জামাল মুসিয়ালা, মাইকেল অলিসে এবং হ্যারি কেইনদের সঙ্গে একই সঙ্গে মাঠ মাতাবেন এ মরক্কান এটাকিং মিডফিল্ডার।





