ভারতের গোয়ায় চলমান নারী সাফ চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
ম্যাচকে সামনে রেখে বুধবার গোয়ার ডন বস্কো মাঠে অনুশীলন করে বাংলাদেশ দল। অনুশীলন শেষে মালদ্বীপের বিপক্ষে পয়েন্ট অর্জনই মূল লক্ষ্য বলে জানান অধিনায়ক মারিয়া মান্দা।
অধিনায়ক মারিয়া মান্দা বলেন, ‘তো সবার প্রথমেই যে প্রথম ম্যাচ, তো আমাদের টার্গেট থাকবে পয়েন্ট। আমাদের পয়েন্ট নিতে হবে। তো আসলে গোল হলো আপনার ম্যাচের ওপর ডিপেন্ড করে।’
আরও পড়ুন:
নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১১-০ ব্যবধানে হেরেছে মালদ্বীপ। ম্যাচে অবশ্য এত গোলের কথা ভাবছেন না বাংলাদেশের কোচ পিটার বাটলার। বরং সুযোগ বুঝে এগোতে চান তিনি।
কোচ পিটার বাটলার বলেন, আপনি ১০টা গোল করবেন, ১১টা গোল করবেন, ‘১২টা গোল করবেন। ফুটবল এভাবে চলে না। এটা একটা ম্যারাথন, স্প্রিন্ট নয়। আপনি যদি গোলের পেছনে ছোটেন, সুযোগের পেছনে ছোটেন, তাহলে শেষ পর্যন্ত আপনি ব্যর্থ হবেন।’
সাফে পরপর দুবার শিরোপা জিতেছে বাংলাদেশ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও লাল-সবুজরা। মালদ্বীপের বিপক্ষে ম্যাচ জিতলেও সেমিফাইনাল নিশ্চিত হবে আফাঈদা-ঋতুপর্ণাদের।





