বিশ্বকাপের আগেই ইনজুরিতে মেসি; আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণায় ধাক্কা

ইনজুরিতে লিওনেল মেসি
ইনজুরিতে লিওনেল মেসি | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপের সপ্তাহ তিনেক আগে ইনজুরিতে পড়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মেজর লিগ সকারে ফিলাডেফিয়ার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ইনজুরি নিয়ে বিস্তারিত জানা গেলেও আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণার আগে এটি বড় এক ধাক্কা।

এ যেন ২০২২ বিশ্বকাপের আগের সেই চিত্র। ফ্রেঞ্চ ভাষায় ‘দেজা ভ্যু’ বলতে যা বোঝায়, ঠিক সেটাই দেখা গেল ২০২৬ বিশ্বকাপের আগে। সেবারে লিওনেল মেসি বিশ্বকাপে যাওয়ার ঠিক আগে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন পিএসজির জার্সিতে। এবারে জার্সির রঙ বদলালো, তবে বদলায়নি সমর্থকদের দুশ্চিন্তা। আর্জেন্টিনা ক্যাম্পে যোগ দেয়ার আগের ম্যাচেই লিওনেল মেসি মাঠ ছাড়লেন ইনজুরি নিয়ে।

ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে ইন্টার মায়ামি পিছিয়ে পড়েছিল ৩-১ গোলে, সেখান থেকে ইন্টার মায়ামির জয় এসেছে ৬-৪ ব্যবধানে। ১০ ম্যাচের থ্রিলারে মেসি পেয়েছেন জোড়া অ্যাসিস্ট। আর ২০১৮ সালের পর ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন লুইস সুয়ারেজ।

আরও পড়ুন:

কিন্তু পাদপ্রদীপের সব আলো যেন কেড়ে নিয়েছেন মেসির ইনজুরি। ম্যাচের ৭৩ মিনিটে বাম পায়ের হ্যামস্ট্রিং পেশি ধরে বসে পড়তে দেখা যায় মেসিকে। লিওনেল মেসির বদলি নামেন মাতেও সিলভেত্তি। এলএমটেন এরপর ডাগআউটেও বসেননি, সরাসরি চলে যান ভেতরের ড্রেসিংরুমে।

সাধারণত গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং ইনজুরির পুনর্বাসনে কয়েকদিন থেকে তিন সপ্তাহ পর্যন্ত সময় দরকার। গ্রেড টু’র ক্ষেত্রে চার থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে। লিওনেল মেসির চোট গুরুতর হলে বিশ্বকাপের শুরুর দিকে তাকে নাও পেতে পারে আর্জেন্টিনা।

এর আগে ইউরোপা লিগের ফাইনালের আগে আঙুল ভেঙেছেন দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। জোড়া ইনজুরির সংবাদ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার জন্য বড় এক ধাক্কাই বটে।

এসএস