হুথি হামলার ধকল কাটিয়ে চালু হল রিয়াদ বিমানবন্দর, ফ্লাইট চলাচল স্বাভাবিক

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ এলাকা থেকে কালো ধোঁয়া উঠছে
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ এলাকা থেকে কালো ধোঁয়া উঠছে | ছবি: সংগৃহীত
0

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার ধকল কাটিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) ওই হামলায় এক বৈমানিকসহ অন্তত ৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জাকা) এক বিবৃতিতে জানিয়েছে, হামলার কারণে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হলেও বর্তমানে বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়েছে। রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া জানিয়েছে, হামলায় তাদের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্যাপ্টেন হামুদ আলী আলকালথামি নামের এক বৈমানিক নিহত হয়েছেন। এক বিবৃতিতে তারা জানায়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে রিয়াদ বিমানবন্দরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের ক্যাপ্টেন হামুদ আলী আলকালথামি মারা গেছেন।’

জাকার তথ্যমতে, চলতি সপ্তাহে রিয়াদ ও আবহা বিমানবন্দর ছাড়াও সীমান্তবর্তী জাজান ও নাজরান বিমানবন্দরে হুথিদের হামলায় আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। কৌশলগত বাব-এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইয়েমেন সরকারের পাল্টা অভিযানের জেরে সৌদি আরবের ওপর হামলা জোরদার করেছে ইরান সমর্থিত হুথিরা।

হুথিদের এই অব্যাহত হামলার মুখে সৌদি আরবের প্রতিরক্ষায় পাশে দাঁড়িয়েছে তাদের মিত্র দেশগুলো। যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান সৌদি আরবে সেনা বাড়াতে সম্মত হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র শুক্রবার জানান, রিয়াদের প্রতিরক্ষায় বর্তমানে তাদের উল্লেখযোগ্য সংখ্যক সেনা ও সামরিক সরঞ্জাম নিয়োজিত রয়েছে। তবে এই সেনারা হুথিদের ওপর আক্রমণ করতে ইয়েমেন সীমান্ত অতিক্রম করবে না, বরং তারা কেবল সৌদি ভূখণ্ড রক্ষায় কাজ করবে। এদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তারা হুথিদের তিনটি রকেট উৎক্ষেপণ মঞ্চ ধ্বংস করেছে।

এএম