২২ বছরের অপেক্ষা শেষে আর্সেনালের শিরোপা জয়

আর্সেনালের শিরোপা জয়
আর্সেনালের শিরোপা জয় | ছবি: সংগৃহীত
0

২২ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো আর্সেনাল। বোর্নমাউথের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ড্র-তে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা উৎসব করেছে গানাররা। ঘরের ছেলে মিকেল আর্তেতার হাত ধরেই আরেকবার ইংলিশ ফুটবলের শ্রেষ্ঠত্ব যাচ্ছে উত্তর লন্ডনের ক্লাবটিতে।

মাঠের লড়াইয়ে তারা ছিল না, কিন্তু টেলিভিশনের পর্দায় চোখ রেখে বুক দুরুদুরু কাঁপছিল লাখো গার্নারের। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। ম্যানচেস্টার সিটির নাটকীয় ড্রয়ের কারণে মাঠের বাইরে থেকেই নিশ্চিত হয়ে গেলো ইংলিশ প্রিমিয়ার লিগের রাজমুকুট।

দীর্ঘ ২২ বছরের অপেক্ষা কতশত হতাশা আর দীর্ঘশ্বাস। সবকিছুর অবসান হলো এক রাতে। ২০০৪ সালের পর আবারও প্রিমিয়ার লিগের শিরোপা ফিরছে উত্তর লন্ডনে। মিকেল আর্তেতার দল এবার কোন সমীরনের ফাঁদে নয় বরং এক ম্যাচ হাতে রেখেই বীরের বেশে ছিনিয়ে নিয়েছে প্রিমিয়ার লিগের শ্রেষ্ঠত্ব।

আরও পড়ুন:

বোর্নমাউথের ঘরের মাঠে দুই দলই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলই খেলেছে। তবে ম্যাচের ৩৯ তম মিনিটে জুনিয়র ক্রাউপির গোলে পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার দল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালেও গোল পরিশোধ করতে সিটিকে অপেক্ষা করতে হয় ম্যাচের অতিরিক্ত সময় পর্যন্ত। যোগ করা সময়ে আর্লিং হালান্ড গোল করে সমতায় ফেরালেও জয়সূচক গোল করতে পারেনি সিটিজেনরা।

ম্যাচের শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে আর্সেনাল। দুই দলেরই একটা করে ম্যাচ বাকি থাকলেও চার পয়েন্টে এগিয়ে আছে আর্সেনাল। আর্সেনালের এটি ১৪তম ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা। ইংল্যান্ডে তাদের চেয়ে বেশি লিগ জিতেছে কেবল লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড।

এফএস