মঙ্গলবার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ফেডারেশন কাপের এবারের আসরের ফাইনাল। বসুন্ধরা কিংস রাজি থাকলেও নিরাপত্তা ইস্যুতে এই ভেন্যুতে খেলতে অস্বীকৃতি জানিয়ে চিঠি দেয় মোহামেডান। ফলে যথাসময়ে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা।
সংকট নিরসনে বাফুফে ভবনে মঙ্গলবার সকালে জরুরি বৈঠকে বসেন ফুটবল কর্তারা। কয়েক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে ফেড কাপ একদিন পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ভেন্যু হিসেবে অবশ্য রাখা হয় কিংস অ্যারেনাকেই।
বাফুফে কর্তাদের কেউই ফেড কাপ প্রসঙ্গে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে ফেডারেশনের চিঠি পেয়ে টুর্নামেন্টে খেলতে রাজি হওয়ার কথা নিশ্চিত করেছেন মোহামেডানের পরিচালক লোকমান ভূঁইয়া।
আরও পড়ুন:
মোহামেডান স্পোটিং ক্লাব পরিচালক লোকমান ভূঁইয়া বলেন, ‘আমি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টকে ধন্যবাদ দেব। এবং আমাদের প্রেসিডেন্টের সঙ্গে উনি যেই বক্তব্য দিয়েছেন গতকাল, সেটা উনি এই কাগজে-কলমে উনি লিখিতভাবে আমাদেরকে জানিয়েছেন। যতরকম সিকিউরিটি দেয়া যায় আমাদের সমর্থকদের বা আমাদের প্লেয়ারদের, সব ধরনের নিশ্চয়তা উনি দিবে। ওনাদের এই চিঠির পরিপ্রেক্ষিতে আমরা সন্তুষ্ট যে তারা আমাদের কথা রেখেছে।’
ফাইনালে মনস্তাত্ত্বিকভাবে বসুন্ধরা এগিয়ে থাকবে জানালেও ডু অর ডাই ম্যাচে ভালো খেলার প্রত্যাশা জানিয়েছেন মোহামেডান কোচ আব্দুল কাইয়ূম সেন্টু।
তিনি বলেন, ‘মনস্তাত্ত্বিকভাবে তারা কিছুটা এগিয়ে থাকবে। যেহেতু ওদের হোম গ্রাউন্ডে খেলা। এটা আমাদের হোম গ্রাউন্ড হলে আমরাও একটু এগিয়ে থাকতাম। তো ওরা আমি বলব যে, ওরা টুয়েন্টি ফাইভ পার্সেন্ট এগিয়ে ওরা স্টার্ট করবে। আশা করছি এই ম্যাচটাও বসুন্ধরাকে ছেড়ে কথা বলবে না সবাই। ভালো একটা ফাইট আশা করতেছি।’
এদিকে ফাইনাল না খেলে মোহামেডানকে ট্রফি দিতে বাফুফেকে চিঠি দিয়েছিল বসুন্ধরা কিংস। এটিকে মেন্টাল গেম দাবি করে শিরোপা জিততে নিজেদের সেরাটা দেয়ার কথা জানিয়েছেন কিংস কোচ বায়েজিদ আলম নিপু।
তিনি বলেন, ‘ওরা যেহেতু একটা দিন ডিলে করেছে। আমরা যখন বললাম, কালকে আমরা বললাম যে খেলা হচ্ছে, হচ্ছে না। তখন আমাদের চেয়ারম্যান স্যার একটা বুদ্ধি করে বলল, ঠিক আছে এক কাজ করো আমাদের দুইটা ট্রফি তো আছেই। এই তিন নাম্বার ট্রফিটা মোহামেডানকে দিয়ে দাও। তারা যখন খেলতে চাচ্ছে না, আমাদের ভয় পাচ্ছে, তো দিয়ে দাও। সেই এইটা হচ্ছে মেন্টাল গেম এক্সাক্টলি। আমরা মেন্টাল গেম খেলেছি, আমরা মেন্টাল গেমে জয়ী হয়েছি।’
ফাইনালের আগে নানা ঘটনায় এরই মধ্যে বেড়েছে ফেড কাপে উত্তেজনা। এখন অপেক্ষা বুধবারের লড়াইয়ের।




