রিয়াল মাদ্রিদকে ধ্বংস করতে চায় একটি চক্র: রিয়াল সভাপতি

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ
রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ | ছবি: সংগৃহীত
0

রিয়াল মাদ্রিদকে ধ্বংস করতে চায় একটি চক্র। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন খোদ ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। গত দুই মৌসুম ট্রফি শূন্য থাকার পরে জরুরী সংবাদ সম্মেলন ডাকেন তিনি। ধারণা করা হচ্ছিল দলের এমন ব্যর্থতায় পদত্যাগ করবেন পেরেজ। কিন্ত সবার ধারণা ভুল প্রমাণ করে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, পদত্যাগ নয় বরং নির্বাচন দেবেন।

ইউরোপের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। ক্লাবটির কেবিনেটে আছে ১৫টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। সঙ্গে ৩৬টি লা লিগা সেরার মুকুট। তবে বর্তমান সময়টা একদমই ভালো যাচ্ছে না দলটির। গত দুই মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারাতে হয়েছে লা লিগার শ্রেষ্ঠত্ব। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে বাদ পড়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। চলতি মৌসুমেই কোপা দেল রে থেকে অনেক আগে বিদায়, সুপার কোপার ফাইনালে হার। মরার উপর খাঁড়ার ঘা হয়েছে রিয়ালের ড্রেসিংরুমের অস্থিরতা।

ক্লাবের এ বাজে অবস্থায় জরুরি সংবাদ সম্মেলন ডাকেন ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। সবাই ধারনা করছিলেন পেরেজ হয়তো ব্যার্থতার দায় নিয়ে পদত্যাগ করবেন। কিন্ত কিসের কী, সংবাদ সম্মেলনে তার প্রথম কথাতে জানিয়ে দেন যে তিনি পদত্যাগ করছেন না। এর পরে বেশ কিছু শক্ত প্রশ্নের মুখে পড়তে হয় ৭৯ বছর বয়সী মাদ্রিদ সভাপতিকে।

আরও পড়ুন

টানা দুই মৌসুম বাজে ফলাফল, কোচ ছাঁটাই, ড্রেসিংরুমের অস্থিরতার পরেই সবাই আঙুল তুলতে থাকেন ২০০৯ থেকে দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব নেওয়া পেরেজের দিকে। তবে তিনি সাফ জানিয়ে দেন, চলতি মৌসুমে দলের বাজে পারর্ফমেন্সের সুযোগ নিয়ে তাকে ব্যাক্তিগতভাবে নিশানা করা হচ্ছে। পেরেজের ভাষায়, রিয়াল মাদ্রিদকে ধ্বংস করতে চায় এমন একটা চক্র সক্রিয় রয়েছে। তাদের এ তৎপরতা বন্ধ করবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ক্লাব নিয়ে ভবিষ্যত পরিকল্পনার কথাও বলেন পেরেজ। ক্লাবের সম্পদ সদস্যদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য হলেও পুননির্বাচনে লড়বেন বলে জানান পেরেজ। লোক দেখানো কথা না বলে তার সঙ্গে নির্বাচনে লড়াই করার আহবান জানান এবং ক্লাব নিয়ে তাদের পরিকল্পনা, আয়ের উৎস কি হবে এটাও পরিষ্কার করার আহবান জানান তিনি। রিয়াল মাদ্রিদ সংকটে আছে এটা মানতেও নারাজ রিয়াল সভাপতি। তার ভাষ্যমতে রিয়াল মাদ্রিদ এখনো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও মর্যাদাপূর্ন ক্লাব।

ড্রেসিংরুমের অস্থিরতা বাইরে আসা নিয়েও পেরেজ বেশ বিরক্ত। ভেতরের খবর কারা সংবাদ মাধ্যমে জানায় সেটা ক্লাব অবগত বলেও হুঁশিয়ারি দেন। পেরেজ ক্যানসারে আক্রান্ত এ ব্যাপারটা যে সম্পূর্ণ মিথ্যা ও গুজব সেই বিষয়ও পরিস্কার করেন তিনি।

এদিন কোচ নিয়ে কোন কথা বলতে দেখা জায়নি পেরেজকে। তবে স্প্যানিশ ফুটবলের রেফারিং নিয়ে ক্ষোভ ঝেড়েছেন তিনি, তুলেছেন দুর্নীতির অভিযোগও। এ নিয়ে উয়েফার কাছে অভিযোগ দিতে ৫০০ পৃষ্ঠার এক নথি তৈরি করেছেন বলেও জানান রিয়াল সভাপতি।

জেআর