শেষ দুটি নারী সাফ চ্যাম্পিয়নশিপেই শিরোপা জিতেছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা বজায় রাখার সুযোগ বয়সভিত্তিক পর্যায়েও। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাট্রিক শিরোপার সুযোগ লাল-সবুজদের সামনে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। নেপালের পোখারায় ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
ফাইনালের আগে ভিডিও বার্তায় দলের মানসিকতা ও ফিটনেস পরিস্থিতি জানিয়েছেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস বলেন, ‘দলের অবস্থা ভালো। সবাই ফিট আছে। ফাইনালে ফাইট করার মতো সবাই মেন্টালি প্রিপারেশন নিয়েছে। ইনশা আল্লাহ আমরা ফাইনালে ভালো কিছু করবো।’
আরও পড়ুন:
চলতি আসরে গ্রুপ পর্বের দেখায় ভারতকে হারানোর আত্মবিশ্বাস ফাইনালেও কাজে লাগবে বলে জানান অর্পিতা।
তিনি বলেন, ‘আমরা একবার ভারতকে হারিয়েছি। আমরা মেন্টালি প্রিপার আমরা আবার তাদের হারাতে পারবো। ট্রফি আমরা বাংলাদেশে নিয়ে আসবো।’
পিটার বাটলারের ট্যাকটিকসে অদম্য বাংলাদেশ। আর শিরোপা জিতেই দেশে ফিরতে চান বাংলাদেশের অধিনায়ক। অর্পিতা আরও বলেন, ‘আমরা অপ্রাণ চেষ্টা করবো ট্রফিটি বাংলাদেশে নিয়ে যেতে।’
গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলো জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই ধারা বজায় রেখে ফাইনালেও সেরা ফলের অপেক্ষায় লাল-সবুজরা।





