ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা; নতুন মুখ আলিস, ফিরলেন হাসান মাহমুদ

রহস্যস্পিনার আলিস আল ইসলাম আর হাসান মাহমুদ
রহস্যস্পিনার আলিস আল ইসলাম আর হাসান মাহমুদ | ছবি: সংগৃহীত
0

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট চলাকালেই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন রহস্যস্পিনার আলিস আল ইসলাম। একবছর পর আবারও এই ফরম্যাটের দলে ফিরলেন হাসান মাহমুদ।

সাদা পোশাকে রং ছড়াতে শুরু করেছেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে গিয়ে টেস্ট হারানোর পাশাপাশি কাউন্টির মাধ্যমে জয় করে এসেছেন ইংল্যান্ডও। লাল বলের ক্রিকেটে তাই লক্ষীপুরের সন্তান অবধারিত নাম। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রাটা শুরু হয়েছিল সাদা বল হাতে। ধারাবাহিকতার সুবাদে আবারও জায়গা মিললো ওয়ানডেতেও।

সবশেষ ওয়ানডে খেলেছিলেন আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে গোটা এক বছর আগে। ওই একই ভেন্যুতে একই প্রতিপক্ষের বিপক্ষে টেস্ট খেলার মাঝেই হাসান জানবেন, টাইগারদের রঙিন জার্সিতে ফিরছেন তিনি। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশ-জিম্বাবুয়ে ছাড়া আছে আরও একটা দেশ-আফগানিস্তান।

হাসান মাহমুদ ফিরেছেন মূলত নাহিদ রানার পরিবর্তে। ইনজুরির কারণে বেশকিছুদিন ধরেই টাইগার শিবিরে নেই এ গতিতারকা। অনেকটা ফিট হয়ে উঠলেও, তুলনামূলক কম গুরুত্বের এ সিরিজে তাকে বিশ্রামে রাখছেন নির্বাচকরা। মূলত পরের মাসেই টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ দুই সিরিজে পুরোপুরি ফিট চাঁপাই এক্সপ্রেসকে চায় টিম ম্যানেজমেন্ট।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দলে অবশ্য একটা চমক আছে। প্রথমবার একদিনের ক্রিকেটের দলে ডাক পেয়েছেন রহস্যস্পিনার আলিস আল ইসলাম। ক’দিন আগে এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় তার। এবার ওয়ানডের জার্সিটাও গায়ে জড়ানোর সুযোগ পেতে পারেন তিনি।

১৬ সদস্যের দলের বাকি নামগুলো পুরনো। জুলাইয়ে জিম্বাবুয়ে সিরিজের দলে থাকা হৃদয়, শান্ত, মুস্তাফিজ, তাসকিনদের সবাই আছেন দলে। এ সিরিজের মাধ্যমে ওয়ানডেতে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে লিটন দাসের।

১৭ অক্টোবর আবুধাবিতে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের মাধ্যমে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ।

জেআর