মিরপুরে কঠোর অনুশীলনে ক্রিকেটাররা, নাহিদের উন্নতিতে স্বস্তি

মিরপুরে ক্রিকেটারদের অনুশীলন
মিরপুরে ক্রিকেটারদের অনুশীলন | ছবি: এখন টিভি
0

এশিয়ান গেমসকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে মিরপুরে কঠোর অনুশীলন সারছে ক্রিকেটাররা। বৃষ্টির বাধা উপেক্ষা করে সেন্টার উইকেটে বল হাতে শরিফুল-মুস্তাফিজরা। নাহিদ রানাকে নিয়েও আছে সুখবর, চোট কাটিয়ে ফিরে এতদিন অল্প রান-আপে বল করলেও আজ গতির পাশাপাশি বেড়েছে তার রান-আপের দুরত্বও।

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টে সেরা সাফল্য চায় বাংলাদেশ। বেশ শক্তিশালী স্কোয়াড নিয়েই জাপানে খেলতে যাবে টাইগাররা। আর তাই নিজেদের প্রস্তুতিতে কোনো কমতি রাখছেন না ক্রিকেটাররা।

আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) সকালে থেকে অনুশীলনের কথা থাকলেও বেরসিক বৃষ্টিতে নামতে পারেননি ক্রিকেটাররা। তবে বৃষ্টি থামার পরই মিরপুরের সেন্টার উইকেটে নিজেদের ঝালিয়ে নিতে নেমে পড়েন শরিফুল-রাব্বিরা। দক্ষিণ আফ্রিকা সফর শেষে ছুটিতে থাকা তাওহীদ হৃদয় ছাড়া স্কোয়াডের প্রায় সব ক্রিকেটারই এদিন অনুশীলনে যোগ দেন।

মেঘলা আকাশের নীচে শরিফুল ইসলামের বল খেলতেই পারছিলেন না সাইফ হাসান-মোসাদ্দেক হোসেন সৈকতরা। সতীর্থদের বল হাতে ভালোই নাকানিচুবানি খাইয়েছেন বাঁহাতি এই পেসার। স্লোয়ার-কাটারে নিজের বোলিং মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি।

আরও পড়ুন:

শরিফুলের মতো বল হাতে জাদু দেখিয়েছেন হাসান মাহমুদও। দেশকে এশিয়ান গেমসের স্বর্ণ জেতাতে কাউন্টি ছেড়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। আজই প্রথম অনুশীলন করেছেন তিনি। তার বল খেলতেও কষ্ট হয়েছে মাহেদী-রাব্বিদের।

নাহিদ রানাকে নিয়েও আছে সুখবর। চোট কাটিয়ে কয়েকদিন ধরেই অল্প রান-আপে বোলিং করছিলেন এই পেসার। আজ তার রান-আপের দুরত্ব বাড়ার পাশাপাশি গতিও বৃদ্ধি পেয়েছে। নিজেকে পুরোপুরি ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এই গতি তারকা।

বৃষ্টির দিনেও যথাযথ অনুশীলনে ব্যাটে-বলে নিজেদের প্রস্তুত করেছেন ক্রিকেটাররা। এশিয়ান গেমসে পদক পেতে প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চাইছেন না কেউই।

এসএইচ