অস্ট্রেলিয়া নির্বাচকদের সমালোচনায় চ্যাপেল-জুলিয়ান

ইয়ান চ্যাপেল
ইয়ান চ্যাপেল | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশের বিপক্ষে হারের পর রীতিমত বিধ্বস্ত ক্রিকেট অস্ট্রেলিয়া। দলের ব্যর্থতার জন্য দেশটির ক্রিকেট কিংবদন্তি ইয়ান চ্যাপেলের আঙুল নির্বাচকদের দিকে। আরেক সাবেক ব্রেন্ডন জুলিয়ান বলছেন, ম্যাকাই টেস্টই নিজেদের প্রমাণের শেষ সুযোগ অজি নির্বাচকদের জন্য।

নির্বাচকরা আসলে দেখিয়ে দিয়েছে, ওরা ক্রিকেটই বোঝে না। অস্ট্রেলিয়ার গণমাধ্যম চ্যানেল নাইনের সঙ্গে আলাপে নিজ দেশের নির্বাচকদের নিয়ে এমন মন্তব্যই করেছেন সাবেক অজি গ্রেট ইয়ান চ্যাপেল। ১৯৭৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ফাইনালে নেয়া এই অধিনায়ক রীতিমত ক্ষুব্ধ বাংলাদেশের বিপক্ষে হারের পর। মাঠের খেলোয়াড় নয়, বরং শোচনীয় ফলাফলের পর চ্যাপেলের আঙুল নির্বাচকদের দিকে। জর্জ বেইলির নির্বাচক প্যানেল নিয়ে তার ভাষ্য, আপনি যদি শুরুতেই অযোগ্য কাউকে বেছে নেন, তবে সমস্যায় পড়তেই হবে।

সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ম্যাট রেনশ'কে দলে নেয়ার বিপক্ষেও তিনি। ঘরোয়া ক্রিকেটে তুলনামূলক ভালো খেলা স্যাম কনস্টাসকেই পছন্দ ইয়ান চ্যাপেলের। সেই সঙ্গে ব্যু ওয়েবস্টারকে সাত নম্বরে খেলানো নিয়েও প্রবল আপত্তি আছে সাবেক এই অধিনায়কের।

দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়ে অবশ্য হতবাক ম্যাট রেনশ নিজেও। ব্রিসবেনে ৬ সপ্তাহের অনুশীলনের পরপরই দলে এসেছেন। সাম্প্রতিক এক সাক্ষাতকারে বললেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজের ২য় টেস্টের স্কোয়াডে নিজেকে দেখে বেশ অবাক হয়েছেন তিনি। তিন বছর পর দলে ডাক পেয়ে নিজেকে অস্ট্রেলিয়া দলে থিতু করতে চান এই ওপেনার।

অবশ্য সাবেক অলরাউন্ডার ব্রেন্ডন জুলিয়ান মনে করছেন, ৩০ বছর বয়সী ম্যাট রেনশ'র জন্য এটাই শেষ সুযোগ। বাংলাদেশের বিপক্ষে ম্যাকাই টেস্টে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হলে আর কখনোই নিজেকে টেস্ট দলে দেখতে পাবেন না রেনশ। সেই সঙ্গে অজি নির্বাচকদের জন্যেও একে পাশার শেষ দান হিসেবেই দেখছেন ৭ টেস্ট খেলা ব্রেন্ডন জুলিয়ান।

ইএ