বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে অস্ট্রেলিয়া। তার মাঝেই জশ হ্যাজলউড জানিয়ে দিলেন, এ সিরিজ মোটেও সহজ হবে না। তার মতে, বাংলাদেশ এমন একটি দল, যারা নিজেদের দিনে যে কোনো প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।
হ্যাজলউড জানান, বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ খুব বেশি হয় না। তাই প্রতিপক্ষকে নিয়ে তেমন কিছুই জানা নেই তাদের। আর সেই কারণেই এ সিরিজটি তাদের জন্য ভিন্ন ধরনের ও রোমাঞ্চকর চ্যালেঞ্জ। বিশেষ করে উপমহাদেশের ক্রিকেটারদের ধৈর্য, স্পিননির্ভর কৌশল এবং লড়াকু মানসিকতার কথাও উল্লেখ করেন এ ডানহাতি পেসার।
আরও পড়ুন
জশ হ্যাজলউড বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের খুব বেশি খেলা হয়না। ওরা আমাদের জন্য অনেকটাই অপরিচিত। বিশেষ করে ডারউইনের কন্ডিশন আর উইকেট ও আমাদের কাছে অপরিচিত। আমরা চেষ্টা করবো কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে, নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে।’
দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এ সিরিজে ভালো ফল করতে মরিয়া দুই দলই। তাই কন্ডিশন, কৌশল আর মানসিক দৃঢ়তার লড়াইয়ে জমে উঠতে পারে পুরো সিরিজ।
একদিকে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, অন্যদিকে নিজেদের সামর্থ্য প্রমাণে মুখিয়ে থাকা বাংলাদেশ। হ্যাজলউড যেভাবে সতর্কবার্তা দিয়েছেন, তাতে বোঝাই যাচ্ছে এ সিরিজে টাইগারদের কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছে অজিরা।





