ব্যাটারদের ব্যর্থতার দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরাজের সেঞ্চুরি

সেঞ্চুরির পর মেহেদি মিরাজ
সেঞ্চুরির পর মেহেদি মিরাজ | ছবি: সংগৃহীত
0

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ২৬৩ রানে অলআউট হয় বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে একাই প্রতিরোধ করে সেঞ্চুরি তুলে নেন মেহেদি মিরাজ। দিনশেষে জানান, উইকেট চ্যালেঞ্জিং হওয়ায় সেট হতে বেগ পেতে হয়েছে।

১১ চার আর ৪ ছক্কা! উইকেটের চারপাশে যেন বাউন্ডারির বন্যা বইয়ে ওয়ানডে মেজাজেই নিজের সেঞ্চুরিটা তুলে নেন মেহেদী হাসান মিরাজ। ১৪১ বলে ১০৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার।

আজ (বৃহস্পতিবার, ৬ জুলাই) ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে মোটেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। রানের খাতা খোলার আগে তানজিদ তামিম আউট হওয়ার পর বাংলাদেশকে স্পিন ঘূর্ণিতে বধ করেন কোরি রকিচায়োলি। একে একে সাদমান, মমিনুল, মুশফিকদের সাজঘরে ফেরান এ অজি অফ স্পিনার।

আরও পড়ুন

শান্ত-অমিতরাও দ্রুত ফিরলে ১১০ রানেই ৬ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় টাইগাররা। সেখান থেকে দলকে একা হাতে টেনে তুলে লড়াই করার মত পুঁজি এনে দেন মিরাজ। দিনশেষে জানান উইকেটে ব্যাট করা সহজ ছিলো না।

শেষ উইকেট জুটিতে খালেদকে নিয়ে ৬৯ রান যোগ করেন মিরাজ। স্রোতের বিপরীতে ব্যাট করা মিরাজ জানান, এ উইকেটে ভালো খেলার অভিজ্ঞতা সাহায্য করবে মূল ম্যাচে।

মিরাজের দৃঢ়তার পরও ২৬৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। এরপর বোলিংয়ে নেমে শুরুতেই ঝড় তোলেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। মাত্র দুই রানেই দুই অজি ওপেনারকে ফিরিয়ে দারুণ শুরু করেন এই দুই টাইগার পেসার। তবে প্যাটারসন-ফিলিপি জুটিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে দুই উইকেটে ৫১ রান নিয়ে দিন শেষ করে স্বাগতিকরা।

জেআর