ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় বাংলাদেশের

জয়ের পর উচ্ছ্বসিত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারা
জয়ের পর উচ্ছ্বসিত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারা | ছবি: সংগৃহীত
0

ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট জয় করলো বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের বড় জয় পেয়েছে টাইগাররা। ক্ষণে ক্ষণে রঙ বদলানো ম্যাচের ৫ম দিনে রেকর্ড গড়ার চেষ্টা করেও সফল হয়নি পাকিস্তানিরা। নাহিদ রানার ৫ উইকেটের পাশাপাশি তাসকিন-তাইজুলরা বাংলাদেশকে এনে দিলেন ঐতিহাসিক এক জয়।

ড্র নয়, ঢাকা টেস্ট জয় করা সম্ভব। আগের দিনই এমন এক বার্তা দিয়ে রেখেছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। আর পাকিস্তানের সালমান আলী আগাও বলেছিলেন, জয়ের জন্যই শেষদিনে নামবে তার দল। মিরপুরে উত্তাপ ছড়ানো দিনে দুই দলেরই ছিলো জয়ের ক্ষুধা। তাতে শেষ হাসিটা অবশ্য শুধুই বাংলাদেশের।

যদিও দিনের শুরুটা ছিলো নড়বড়ে৷ আগের দিনের অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম ইনিংস বড় করতে পারেননি। আবার নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরির পথে ছুটলেও থেমেছেন ৮৭ রানে৷ রিকি পন্টিংয়ের পর অধিনায়ক হিসেবে এক টেস্টে টুইন সেঞ্চুরির রেকর্ডটা নিজের হতে পারতো তার। কিন্তু শান্তর আক্ষেপ, ১৩ রানের৷

আরও পড়ুন

দ্রুত রান তোলার চ্যালেঞ্জ নিয়েই মাঠে এসেছিলেন বাকি ব্যাটাররা। লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজ খেলছিলেন সেভাবেই। দুজনের ছোট ছোট ইনিংসগুলোই লিড নিয়ে যায় ২৬০ এর ওপরে। শেষ পর্যন্ত তাসকিন-এবাদত আউট হলে ২৪০ রানে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক শান্ত। পাকিস্তানের সামনে টার্গেট দাঁড়ায় ২৬৮৷

চতুর্থ ইনিংসে মিরপুরে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ২০৯ রানের। জয়ের জন্য ইতিহাস গড়তে হতো পাকিস্তানকে। কিন্তু শুরুতেই আঘাত হানেন তাসকিন। প্রথম ওভারেই ফেরান ইমাম-উল হককে। লাঞ্চের পরপর বাংলাদেশকে আরও দুই উইকেট এনে দেন নাহিদ রানা এবং মেহেদি মিরাজ। তবে চতুর্থ উইকেটে দেয়াল হয়ে দাঁড়ালেন সালমান আলী আগা এবং আব্দুল্লাহ ফজল। দুজনের জুটি ৫১ রানের।

এরপরই অবশ্য সফরকারীদের ধাক্কা দেন তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ। দুই সেট ব্যাটারকে ফিরিয়ে ম্যাচে আবার বাংলাদেশকে এগিয়ে দেন তারা। রিজওয়ান এবং সঊদ শাকিল পাকিস্তানের শেষ স্বীকৃত জুটি। দুজনের জুটি কিছুটা ভোগালেও নাহিদ রানার জাদুকরী এক স্পেল ফিরিয়েছে দুজনকেই। চা বিরতির পর নিজের ৩ ওভারে নাহিদ পেয়েছেন ৩ উইকেট। নোমান আলী আর শাহিন আফ্রিদিকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার আদায় করে নেন চাঁপাই এক্সপ্রেস। তাতে নিশ্চিত করেন বাংলাদেশের বড় ব্যবধানের জয়।

জেআর