ঢাকা প্রিমিয়ার লিগ: আশাবাদী তালহা জুবায়ের, মাঠে ফেরার অপেক্ষায় বর্ষণ

তালহা জুবায়ের ও রোহানাতদৌলা বর্ষণ
তালহা জুবায়ের ও রোহানাতদৌলা বর্ষণ | ছবি: এখন টিভি
0

ঢাকা প্রিমিয়ার লিগ সামনে রেখে প্রথম দিনের মতো অনুশীলন করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগের আসরের প্রায় সবাইকে ছেড়ে দিলেও দল নিয়ে বেশ আশাবাদী প্রাইম ব্যাংকের কোচ তালহা জুবায়ের। অন্যদিকে দুই বছরের ইনজুরি পার করে আবাহনীর হয়ে প্রথমবার মাঠে নামবেন রোহানাতদৌলা বর্ষণ। নিজের দল নিয়ে বেশ আশাবাদী এই তরুণ পেসার।

দলবদলের উত্তাপ শেষে মাঠে গড়ানোর অপেক্ষায় ঢাকা প্রিমিয়ার লিগ। আগেরবারের মতো বড় বাজেটের দল না গড়লেও এবারও বেশ শক্তপোক্ত দল নিয়েই শিরোপার লড়াইয়ে নামছে প্রাইম ব্যাংক। তানজিদ তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আলিস আল ইসলাম, আকবর আলি কিংবা আবু হায়দার রনিদের মতো ঘরোয়া লিগের পরীক্ষিত নামেরা ভিড় করেছেন কর্পোরেট ক্লাবটিতে। সঙ্গে আছেন রিজান হোসেন, আরিফুল ইসলাম, আজিজুল হক তামিমের মতো বয়সভিত্তিক দলের চেনা মুখেরা।

দলের কোচিং প্যানেলে তালহা জোবায়ের। গেলবার সুপার লিগ খেলতে না পারা প্রাইম ব্যাংক এবার চমক দেখাতে মরিয়া। আবাহনী-মোহামেডানের মতো বিগ বাজেটের দল না হলেও শিরোপার লড়াই দিতে চায় তারা।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কোচ তালহা জোবায়ের বলেন, ‘আমি বলবো যে, মিক্সচার অফ এক্সপেরিয়েন্স অ্যান্ড ইয়াং গাইস। আই হোপ যে আমরা সবাই একসঙ্গে ভালো খেলতে পারবো এবং একটা ভালো একটা রেজাল্ট আমরা করতে পারবো ইনশাআল্লাহ।’

আরও পড়ুন:

ঘরোয়া ক্রিকেটের বড় নাম আবাহনী। ঢাকার ক্রিকেটে ২৪ বারের চ্যাম্পিয়ন ধানমন্ডির ক্লাবটি। শেষ তিনবারের শিরোপাও গিয়েছে আবাহনীর শো-কেসে। মোসাদ্দেক সৈকত, জিসান আলম, খালেদ আহমেদ, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন কিংবা সৌম্য সরকারদের নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে তারা। দলের পেসার রোহানাতদৌলা বর্ষণ শুরু থেকেই চোখ রাখছেন শিরোপায়।

আবাহনী লিমিটেডের ক্রিকেটার রোহানাতদৌলা বর্ষণ বলেন, ‘আমাদের টিমটাও খুব ভালো হয়েছে। এটি একটি ঐতিহ্যবাহী টিম। আশা করি, নিজের সেরাটা দিয়ে আমি নিজেকে প্রমাণ করার সুযোগ পাবো। আমাদের টিমটা খুব ভালো করবে এবং ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হবো এ সিজনে।’

দুই বছর পর ইনজুরি কাটিয়ে ফিরতে পারায় উচ্ছ্বসিত বর্ষণ। সঙ্গী হিসেবে পাচ্ছেন নিজের বয়সভিত্তিক দলের সতীর্থ মারুফ মৃধা, ইকবাল ইমনকে। আবাহনীর পেস বোলিং বিভাগকে নিয়ে বাড়তি চাওয়া আছে বর্ষণের মাঝে।

তিনি বলেন, ‘যখন শুনেছি যে আমরা তিনজনই একই দলে আছি আমার খুবই ভালো লাগছে, খুবই নস্টালজিক ছিলো। আর তারপর খালেদ ভাই আছে, তার অভিজ্ঞতা আছেই। আবার সৌম্য দাদাও আছে, সেও অনেক হ্যান্ডি বোলিং করে দিবে ইনশাআল্লাহ। সো ওভারঅল আমাদের পেস বোলিং ইউনিটটা আমার কাছে অনেক ভালোই লাগছে।’

আগামী ৪ মে থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ।

এফএস