সরকারের সিদ্ধান্তেই বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারেনি: বিসিবি পরিচালক

বিসিবির মিটিং
বিসিবির মিটিং | ছবি: এখন টিভি
0

সরকারের সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারেনি। গতকাল (শনিবার, ৪ এপ্রিল) বোর্ড সভাশেষে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তবে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে এরইমধ্যে চিঠি দিয়েছে বিসিবি। এদিকে জাতীয় দলের অধিনায়ক-কোচ ও ঘরোয়া ক্রিকেটসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে সভায়।

ম্যারাথন বৈঠক শেষে ব্রিফিংয়ের শুরু দেখে মনে হতে পারে মাঠের ক্রিকেটেই সমস্ত মনোযোগ বিসিবির। ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কদের বহাল রাখার পাশাপাশি মোহাম্মদ রফিককে কোচ করার ঘোষণাও এলো এদিন।

তবে ঘরে-বাইরে নানা চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে পরিচালকদের। বোর্ড সভা চলাকালেই যেমন পদত্যাগ করলেন পরিচালক ফাইয়াজুর রহমান। সংবাদ সম্মেলনেও তাই অক্রিকেটীয় আলাপেই যেতে হলো বারবার।

বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমাদের বেসিক্যালি যার যার দায়িত্ব দেয়া হয়েছে। যদি ভবিষ্যৎে কিছু হয় তাহলে অ্যাকচুয়ালি উই আর নট ওয়ারিড।’

তবু ঘুরেফিরে ক্রিকেটে ফিরতে চাইলেন পরিচালকরা। বিশ্বকাপে খেলতে না পারার প্রসঙ্গ থেকে ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের পদক্ষেপ, সব প্রশ্নেরই জবাব দিতে হলো তাদেরকে।

আরও পড়ুন:

বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমাদের হয়তো অন্য ধরনের চিন্তা ছিলো। তবে সরকার থেকে সিদ্ধান্ত চলে এসেছে নিরাপত্তাজনিত কারণে আমরা ভারতে যাবো না, আমরা শ্রীলঙ্কা যেতে পারি। তখন আমাদের সেটিই ফলো করতে হয়েছে। আমরা জানি বিশ্বকাপ ঘিরে তাদের সঙ্গে সম্পর্ক কিছুটা অবনতি হয়েছিলো, তবে আমরা আশা করছি উই উইল বি ব্রাইট দিস রিলেশনশিপ।’

সংকট কাটছে না ঘরোয়া ক্রিকেট নিয়েও। বর্তমান কমিটিকে বয়কট করা ক্লাবগুলো ফিরছে না মাঠে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনের আগেও তাই বিকল্প ভাবনাও ভাবতে হচ্ছে বোর্ডকে।

বিসিবি মিডিয়া কমিটির পরিচালক ও চেয়ারম্যান মোকসেদুল কামাল বাবু বলেন, ‘সবগুলো ক্লাবই অংশগ্রহণ করবেন এবং আমরা সেটিই আশা করছি। কোনো ক্লাবই ক্রিকেটের বিপক্ষে নয়। শুধু আমাদের মধ্যে ভিন্ন মত থাকতে পারে। আমরা সবাই আশা করছি ক্রিকেটে তারা অংশগ্রহণ করবেন।’

এতকিছুর মধ্যেও আশার খবর জুলাই মাসেই নারী বিপিএল গড়াবে মাঠে৷ সেই সঙ্গে খেলোয়াড়দের জন্যেও পেনশনের খবর দিয়েছে বিসিবি।

এফএস