মধ্যপ্রাচ্যে অস্থিরতা: বিশ্বকাপ শেষে বিশেষ চার্টার্ড ফ্লাইটে নিজ দেশে ফিরবেন ক্রিকেটাররা

প্রতিকী ছবি
প্রতিকী ছবি | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও সামরিক সংঘাতের প্রভাবে বিশ্বকাপ ক্যাম্পেইন শেষে আইসিসির বিশেষ ব্যবস্থায় চার্টার্ড ফ্লাইটে নিজ নিজ দেশে ফিরবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। চলমান সংঘাতের কারণে খানিকটা বিপাকেই পড়েছে আয়োজক দেশ ভারত।

মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব এখন ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে, যার কারণে সফর পরিকল্পনা বদলাতে হচ্ছে দলগুলোর। গত রোববার (১ মার্চ) সুপার এইট ম্যাচে ভারতের কাছে হেরে নিজেদের বিশ্বকাপ মিশন শেষ করে ক্যারিবিয়ানরা। পরদিনই ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বিবৃতি দেয় আন্তর্জাতিক বিধি নিষেধের কারণে দেশে ফিরতে পারছেন না তারা।

যুদ্ধের ছায়া এবার পড়েছে ক্রিকেট বিশ্বকাপে। চলমান সংঘাতে ভারত থেকে নিজ দেশে ফিরতে বিমান চলাচলে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে দ্বারস্থ হতে হয়েছে চার্টার্ড ফ্লাইটের।

আরও পড়ুন:

ভারতের কাছে সেমিফাইনালে হারের পর ইংল্যান্ড দল মুম্বাই থেকে আজ ( শনিবার, ৭ মার্চ ) চার্টার্ড ফ্লাইটে সরাসরি লন্ডনের উদ্দেশে রওনা দেবে। পশ্চিম এশিয়ার আকাশপথে অনিশ্চয়তার কারণে বাণিজ্যিক ফ্লাইটের সূচি ব্যাহত হওয়ায় বিকল্প ব্যবস্থাই নিতে হয়েছে ইংলিশদের।

অন্যদিকে, কলকাতা থেকে আলাদা একটি চার্টার্ড ফ্লাইটে যাত্রা করবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল। দুই দল প্রথমে যাবে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ দল ফিরবে নিজেদের গন্তব্য অ্যান্টিগায়। যদিও ঠিক কখন তারা রওনা দেবে তা এখনো চূড়ান্ত হয়নি, তবে ধারণা করা হচ্ছে রবিবারের মধ্যেই যাত্রা সম্পন্ন হবে তাদের।

এদিকে দক্ষিণ আফ্রিকা দলের কিছু সদস্যের সামনে রয়েছে নতুন সূচি। দলের ম্যানেজমেন্টের কয়েকজন সদস্যের সঙ্গে ক্রিকেটার কেশাব মহারাজ, জেসন স্মিথ ও জর্জ লিন্ডে রবিবারই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন। আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া সীমিত ওভারের সিরিজে অংশ নিতেই তাদের এই সফর।

জেআর