চলতি বিশ্বকাপ নিয়ে একের পর এক নাটক দেখছে ক্রিকেট ভক্তরা। দলগুলোর অংশগ্রহণ পরে ভেন্যু নিয়ে দ্বিচারিতার আচরণে নাট্যমঞ্চ হয়ে উঠেছে বিশ্বকাপের এ আসরটি। তবে সব জটিলতা কাটিয়ে আগামীকাল (বুধবার, ৪ মার্চ) থেকে শুরু হবে সেমিফাইনালের জমজমাট লড়াই। বিগত সময়ে দু’দলের পারফরম্যান্স বিবেচনায় এ ম্যাচটি কতটা রোমাঞ্চ ছড়াবে, সেটিই এখন দেখার বিষয়।
চলতি আসরসহ এ নিয়ে চতুর্থবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো দক্ষিণ আফ্রিকা। ২০০৯ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারে প্রোটিয়ারা। এরপর ২০১৪ আসরের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়ে ৬ উইকেটে ম্যাচ হারে দক্ষিণ আফ্রিকা।
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমির বাধা পেরোলেও আবারও ফাইনালে বাধা হয়ে দাঁড়ায় ভারত। ৭ রানে হেরে বিশ্বকাপ ট্রফি ঘরে তোলা হয়নি এইডেন মার্করামের দলের।
আরও পড়ুন:
এদিকে চলতি আসরে শেষ চারে প্রোটিয়াদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। পঞ্চমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে মাঠে নামার অপেক্ষায় আছে কিউইরা। আগের চারবারের মধ্যে মাত্র একবারই শেষ চার পেরোতে পারে নিউজিল্যান্ড।
২০২১ সালের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে রানার্স-আপ হয় নিউজিল্যান্ড। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে সেমিফাইনালে তারা হারে পাকিস্তানের বিপক্ষে। এরপর ২০১৬ আসরে একই মঞ্চে ইংল্যান্ডের কাছে হারে তারা। ২০২২ সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারে নিউজিল্যান্ড।
তবে এবারের এ লড়াইয়ের আগে পরিসংখ্যান বা র্যাংকিং সবকিছু বিবেচনায় চিত্র যেমনই হোক, কেউ কাউকে এতটুকু ছাড় দিতে রাজি নয়।




