নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট। প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে নারী বিপিএল। আগেই প্লেয়ার ড্রাফটের দিনক্ষণ প্রকাশ করায় ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই আসরকে ঘিরে বেড়েছে নারী ক্রিকেটারদের ব্যস্ততা।
বিপিএলকে সামনে রেখে অনানুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। প্রথমবার আয়োজিত হতে যাওয়ায় আসরটি ঘিরে একটু বেশি উন্মাদনা ক্রিকেটারদের মাঝে।
ক্রিকেটার সুবহানা মোস্তারি বলেন, ‘উনি আসলে সম্ভব করে দেখিয়েছেন যে আমাদের বিপিএলটা হবে। এটা নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড। প্রতিটা প্লেয়ারের মধ্যে আসলে এক্সাইটমেন্টটা কাজ করছে। আমরা প্রতিদিনই আসলে বিপিএল নিয়ে কথা বলছি।’
আরও পড়ুন:
সামনেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে টাইগ্রেস বাহিনী। আশা করা হচ্ছে, বিপিএল দিয়ে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভালোভাবেই প্রস্তুত হবে টিম বাংলাদেশ।
সুবহানা মোস্তারি বলেন, ‘আশা করা যায় আমরা কোন টিমে আছি সেটা জানার পর হয়তো আমরা এ বিষয়ে কথা বলবো।’
ড্রাফটে থাকবেন বিদেশি ক্রিকেটাররাও। সেসব নিয়েও ভাবতে হচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের।
সুবহানা মোস্তারি বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজ যেহেতু দুই ধাপে হবে ওডিআই ও টি-টোয়েন্টি। তো নরমালি আমরা যদি প্রথমে বিপিএল খেলি যেটা টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। তো বিপিএল নিয়ে চিন্তা যেরকম আছে আসলে প্রস্তুতি এখানে বড় ব্যাপার। কারণ আমরা সামনে যে ক্রিকেটটা খেলবো সেটারই প্রস্তুতি নেব।’
প্রথম আয়োজন হওয়ায় ৩ দল নিয়ে শুরু হচ্ছে এবারের নারী বিপিএল। তাই বেশিসংখ্যক ক্রিকেটাররা এবারের বিপিএলে খেলার সুযোগ পাচ্ছেন না। তবে অংশগ্রহণ বাড়াতে বেশি দল নিয়ে যাতে করা যায় নারীদের বিপিএল এমনটাই চাওয়া ক্রিকেটারদের।





