ইংল্যান্ডের নতুন ফরম্যাটের ঘরোয়া টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-এর নিলামে নাম দিয়েছেন বাংলাদেশের ২৩ ক্রিকেটার। পেস তারকা মুস্তাফিজুর রহমান আছেন সর্বোচ্চ ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ডের ক্যাটাগরিতে। তবে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান এবার নিলামে নাম দেননি।
২০২১ সালে যাত্রা শুরু করা এ টুর্নামেন্টে এখনো কোনো বাংলাদেশি খেলেননি। তবে এবার দল পাওয়ার সম্ভাবনা দেখছেন অনেকে। বিশেষ করে ফর্মে থাকা রিশাদ হোসেন-এর দিকে চোখ অনেকের। তার ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড, যা বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। বাকি ২১ ক্রিকেটারের ভিত্তিমূল্য ৩১ হাজার পাউন্ড করে।
আগামী ১১ ও ১২ মার্চ লন্ডনে হবে নিলাম। এবারে ১৮টি দেশ থেকে প্রায় এক হাজার ক্রিকেটার নিবন্ধন করেছেন। পুরুষদের প্রতিযোগিতায় মোট ৭১০ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। এরই মধ্যে ৩০ জন স্থানীয় ও বিদেশি খেলোয়াড় রয়েছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায়।
আরও পড়ুন:
অন্যদিকে ৩১ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে আছেন বাকি ২১ জন বাংলাদেশি ক্রিকেটার, যার মধ্যে রয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, তাসকিন, মিরাজ, জাকের, সৌম্য, নাসুম, সাইফরা।
তবে নারীদের বিভাগে ২৫৪ জন ক্রিকেটার নিবন্ধন করলেও কোনো বাংলাদেশি নারী ক্রিকেটারের নাম নেই তালিকায়। এদিকে বড় অঙ্কের ভারতীয় বিনিয়োগের পর এটাই হবে দ্য হান্ড্রেডের প্রথম আসর।
এরই মধ্যে পাকিস্তানি ক্রিকেটারদের নিলামে না রাখার খবরে তৈরি হয়েছে বিতর্কও। বাংলাদেশি ক্রিকেটাররা কতটা সুযোগ পান, এখন সেটাই দেখার বিষয়।





