আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেই অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন জস বাটলার। ইংল্যান্ডের প্রথম ও বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেড়শ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ডে সবার ওপরে আয়ারল্যান্ডের পল স্টার্লিং। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৬৩ ম্যাচ খেলেছেন তিনি। তবে সবার আগে দেড়শ ম্যাচের মাইলফলক স্পর্শ করেছিলেন ভারতের রোহিত শর্মা। এই ফরম্যাটে অবসর নেয়ার আগে ১৫৯ বার জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন এই ওপেনার।
আরও পড়ুন:
দেড়শ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের ক্লাবে বাটলারের আগে ঢুকেছেন আরও দুজন। ১৫৭ ম্যাচ খেলা আইরিশ ক্রিকেটার জর্জ ডকরেল আছেন তালিকার তিনে। আর বাটলারের ঠিক আগে অভিজাত এই মাইলফলক স্পর্শ করেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড মাহমুদউল্লাহ রিয়াদের। তিনি খেলেছেন ১৪১ ম্যাচ। বর্তমানে খেলা ক্রিকেটারদের মাঝে শীর্ষে আছেন মুস্তাফিজুর রহমান। টাইগার এ পেসার খেলেছেন ১২৬ ম্যাচ।
দেড়শ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা ক্রিকেটারদের মাঝে রোহিত ছাড়া সবাই এখনো মাঠ মাতিয়ে যাচ্ছেন। তবে দেড়শ স্পর্শ করা বাটলার যে সহসাই থামছেন না, তা বলাই যায়।





