টি-টোয়েন্টি বিশ্বকাপে এরইমধ্যে বেশকিছু ম্যাচ হয়ে গেলেও বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিশ্বকাপের খেলা নিয়ে নেই তেমন কোনো আগ্রহ। শুধু ক্রিকেটপ্রেমীই নন, এবারের আসর নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া নেই ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝেও। জাতীয় দলের নির্বাচক ও সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত মনে করেন, যেখানে বাংলাদেশ নেই সেই আসর নিয়ে কোনো আগ্রহ থাকার কথাও নয়।
নির্বাচক ও সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত বলেন, ‘বাংলাদেশ খেলছে না এরপর তো আর কিছু দেখার নেই। বাংলাদেশ থাকলে তো ফলো করবো, সোজা সাপ্টা কথা। বাংলাদেশ নেই তাই বিশ্বকাপ দেখার কোনো আগ্রহ নেই। যদি বাংলাদেশ থাকত তাহলে বিশ্লেষণ করতাম, কীভাবে, কী করলে জিতবে তা জানাতাম।’
আরও পড়ুন:
বিশ্বকাপের প্রথম দিনই আয়োজকরা টের পেয়েছে দর্শকদের অনাগ্রহরে বিষয়। ভারতে প্রায় খালি গ্যালারি নিয়েই হয়েছে টাইগারদের পরিবর্তে খেলা স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। অন্যদিকে শ্রীলঙ্কাতে দর্শক না পেয়ে পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচে দেয়া হয় টিকিট ছাড়াই ম্যাচ দেখার সুযোগ। বাংলাদেশ থাকলে দৃশ্যটা ভিন্ন হতে পারতো বলে মনে করেন সাবেক এ ক্রিকেটার।
হাসিবুল হোসেন শান্ত আরও বলেন, ‘শ্রীলঙ্কায় যে মাঠে খেলা হবে যদি বাংলাদেশ থাকতো তাহলে দর্শক বেশি হতো। ভারত-পাকিস্তান বাদে বাংলাদেশের দর্শক না থাকলে মাঠ এমনি থাকবে আর এটা সবাই জানে।’
বাংলাদেশ বিশ্বকাপে না গেলেও খেলা থেমে নেই টাইগারদের। অদম্য টি-টোয়েন্টি কাপে ব্যস্ত সময় পার করছে তিনটি দল। রান ও প্রতিদ্বন্দ্বিতায় ম্যাচগুলোও হচ্ছে জমজমাট। তবে দলে থাকা ক্রিকেটারদের বিশ্বকাপে না যেতে পারার ক্ষতে প্রলেপ দিতে পারবে এ টুর্নামেন্ট প্রশ্ন ছিলো হাসিবুল শান্তর কাছে।
তিনি বলেন, ‘বিশ্বকাপ তো বিশ্বকাপই এটার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। তারপরও বিসিবি চেষ্টা করছে আর্থিকভাবে কিছুটা পুষিয়ে দিতে।’
বিশ্বকাপ না খেলতে পারার ক্ষতে প্রলেপ দেয়া হয়তো সম্ভব নয়। তবে খেলার থেকেও দেশ বড়। জাতীয় কোনো সিদ্ধান্তে একমত হতে পারাইটাই সার্থকতা আর বিশ্বকাপে নিজেদের অবস্থান শক্ত রেখে যা করেছে বাংলাদেশ সরকার তথা বিসিবিও।





