Recent event

টি–টোয়েন্টি ইতিহাসে প্রথমবার ১১ জনই বল করলেন

0

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মণিপুরের বিপক্ষে দলের ১১ জনকে দিয়েই বোলিং করিয়েছে দিল্লি। আন্তর্জাতিক টি–টোয়েন্টি কিংবা স্বীকৃত টি–টোয়েন্টিতে এমন ঘটনা এবারই প্রথম।

টি–টোয়েন্টি ক্রিকেটে নজিরবিহীন এমন ঘটনাই ঘটল ভারতে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মণিপুর। তারপর দিল্লির অধিনায়ক আয়ুশ বাদোনি দলের সবাইকে দিয়ে বোলিং করান। নিজেও করেছেন ২ ওভার। সেই সঙ্গে ২ ওভার করে বল করলেন আয়ুশ সিং ও আখিল চৌধুরী।

৩ ওভার হাত ঘোরান হর্ষ ত্যাগী, দিগ্বেশ ও মায়াঙ্ক রাওয়াত। ১ ওভার করে বল করেন আরিয়ান রানা, হিম্মত সিং, প্রিয়াংশ আর্য ও যশ ধুল। বাদ যাননি উইকেটকিপার অনুজ রাওয়াতও। তিনিও ১ ওভার বল করেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে দলের এগারোজনের বল করা বিরল ঘটনা হলেও টেস্ট ক্রিকেটে এই ঘটনা নতুন নয়। ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১ জনকে দিয়েই বল করিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। ২০০৫-এ দক্ষিণ আফ্রিকাও দলের ১১ জনকে দিয়ে বল করায়।

এসএস