‘বেলজিয়াম জিতলে বলবো ম্যাচ পাতানো’—ট্রাম্প; মাঠে জবাব দিয়ে ব্যঙ্গ বেলজিয়ামের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

‘বেলজিয়াম জিতলে বলবো ম্যাচ পাতানো হয়েছে’—বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বিস্ফোরক মন্তব্যের জবাব মাঠেই দিলো বেলজিয়াম। সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে তারা টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে ট্রাম্পের দেশকে। শুধু তাই নয়, ম্যাচ শেষে ট্রাম্পের বিখ্যাত নাচের ভঙ্গিমা অনুকরণ এবং ‘এটাও উল্টে দাও’ কটাক্ষ ছুড়ে ট্রাম্প ও ফিফাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়েরা। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে আগের ম্যাচে ‘লাল কার্ড’ পাওয়ায় যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এই ম্যাচে না খেলার কথা ছিল। কিন্তু ফিফার শৃঙ্খলা কমিটি তার এক ম্যাচের নিষেধাজ্ঞা ‘স্থগিত’ করে দেয়। ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে চাপ দিয়ে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করিয়েছেন তিনি।

লুমেন ফিল্ডে রোমেলু লুকাকু দলের চতুর্থ গোলটি করার পর বেলজিয়ামের খেলোয়াড়েরা ট্রাম্পের নাচ অনুকরণ করে উদ্‌যাপন করেন। ট্রাম্প প্রায়ই তার নির্বাচনি সভা ও প্রকাশ্য অনুষ্ঠানের শেষে ডিস্কো হিট ‘ওয়াইএমসিএ’ গানের তালে এই নাচ করে থাকেন।

বেলজিয়াম জাতীয় দলের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টও ট্রাম্প ও ফিফাকে ব্যঙ্গ করে পোস্ট করেছে। এতে লেখা হয়, ‘এটাও উল্টে দাও’ যা বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতি ব্যঙ্গাত্মক ইঙ্গিত।

বেলজিয়ামের মিডফিল্ডার নিকোলাস রাসকিন বলেন, ‘তার দলের এই জয়ের পেছনে ছিল অন্যায়ের অনুভূতি।’ তিনি বলেন, ‘গত দুই দিনে মাঠের বাইরে অনেক কিছু ঘটেছে। দলের ভেতর অন্যায়ের অনুভূতি তৈরি হয়েছিল এবং আমরা মাঠেই এর জবাব দিতে বদ্ধপরিকর ছিলাম।’ অধিনায়ক ইউরি টিলেমান্স যোগ করেন, ‘আমরা নিজেদের বলেছিলাম, মাঠেই জবাব দিতে হবে। আমরা সেটাই করেছি।’

বিশ্বকাপের সময় যুক্তরাষ্ট্রে নিজেদের প্রতি আচরণ নিয়ে ক্ষুব্ধ ছিল ইরানও। দেশটির কোচ আমির গালেনয়ি দাবি করেছিলেন, তার দল ছিল টুর্নামেন্টের ‘সবচেয়ে নির্যাতিত’ দল। যুক্তরাষ্ট্রের বিদায়ের পর ইরানি ফুটবল ফেডারেশনের একজন মুখপাত্র বলেন, ‘এখন গোটা বিশ্ব নাচছে ফুটবলের কাছে রাজনীতির অপমানজনক পরাজয় উদ্‌যাপন করে।’ ইরানের এই নাচের ইঙ্গিতটি মূলত যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি মার্কওয়েন মুলিনের প্রতিও ছিল। মুলিন বলেছিলেন, ইরানের বিশ্বকাপ থেকে বিদায়ের পর তিনি ‘খুশির নাচ নেচেছেন’ এবং ‘দু-একটা গান গেয়েছেন’।

বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া জানান, ম্যাচের পর বালোগান তার সঙ্গে কথা বলতে এসেছিলেন। মোনাকোর এই স্ট্রাইকারকে এই ঘটনার জন্য দায়ী করা যায় না বলেই মন্তব্য করেন গার্সিয়া। তিনি বলেন, ‘সে আমার সঙ্গে কথা বলতে এসেছিল। আমার খুব ভালো লেগেছে। এটা তার দোষ নয়, তাকে দায়ী করাও যাবে না আমি তাকে সেটাই বলেছি। আমার সঙ্গে কথা বলার জন্য তাকে সাধুবাদ জানাই।’ শুক্রবার লস অ্যাঞ্জেলেসে কোয়ার্টার-ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম।

গার্সিয়া বলেন, ‘যুক্তরাষ্ট্রের একাদশে কে ছিল, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল না; আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল নিজেদের গেমপ্ল্যান। আমি যুক্তরাষ্ট্র দলকে অভিনন্দন জানাতে চাই এই ম্যাচ ছাড়া তাদের বিশ্বকাপ দুর্দান্ত ছিল। কোচ মাউরিসিও পচেত্তিনো দারুণ; তাই তাদের পারফরম্যান্সে আমি অবাক নই।’

এএম