শেষ ষোলো নিশ্চিত করতে পর্তুগাল-ক্রোয়েশিয়ার মহারণ

পর্তুগাল-ক্রোয়েশিয়া ফুটবল দল
পর্তুগাল-ক্রোয়েশিয়া ফুটবল দল | ছবি : সংগৃহীত
0

বিশ্বকাপের শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই ইউরোপিয়ান পরাশক্তি। একদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ স্বপ্ন, অন্যদিকে লুকা মদ্রিচের ‘লাস্ট ডান্স’। শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে দুই দলের লক্ষ্য এখন নকআউটের প্রথম বাধা পেরোনো। দিনের আরেক ম্যাচে কানাডার ভ্যাঙ্কুভারে আলজেরিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।

বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টু এর ম্যাচে প্রজন্মের দুই কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো আর লুকা মদ্রিচকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে পর্তুগাল-ক্রোয়েশিয়া মহারণ। নকআউটের এ লড়াইয়ে জয় তুলে শেষ ষোলো নিশ্চিত করাই দুই দলের একমাত্র লক্ষ্য।

টরন্টোয় নিজেদের শেষ প্রস্তুতি সেরেছে পর্তুগাল। অনুশীলনে ড্রিল, পাসিং ও ট্যাকটিক্যাল অনুশীলনে ব্যস্ত ছিলো রর্বাতো মার্তিনেজের শিষ্যরা। সম্ভাব্য ৪-২-৩-১ ছকে রোনালদোকে সামনে রেখে ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফেলিক্স ও পেদ্রো নেতোকে নিয়ে আক্রমণ সাজাতে পারেন কোচ। গ্রুপ পর্বে ধারাবাহিকতার অভাব থাকলেও মার্টিনেজের বিশ্বাস, নকআউটই তাদের জন্য ‘দ্বিতীয় বিশ্বকাপ’।

পর্তুগালের সবচেয়ে বড় ভরসা তাদের সৃজনশীল মিডফিল্ড ও আক্রমণভাগ। তবে ডিআর কঙ্গো ও কলম্বিয়ার বিপক্ষে ড্র প্রমাণ করে সংগঠিত রক্ষণ ভাঙতে ভুগছে পর্তুগিজরা। তবে ব্রুনো ফার্নান্দেজ জানান, ডিয়েগো জোটার স্মৃতিকে শক্তিতে পরিণত করেই জয়ের জন্য মাঠে নামবে পর্তুগাল।

আরও পড়ুন:

পর্তুগালের মিডফিল্ডার ভিতিনহা বলেন, ‘আগামীকাল ডিয়োগো জোটার মৃত্যুবার্ষিকী। তাই এ ম্যাচ জেতার জন্য আমাদের কাছে সম্ভাব্য সব ধরনের

প্রেরণাই আছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে জয়ের জন্য আমরা নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেব। নিজেদের জন্য, আমাদের পরিবারের জন্য, ডিয়োগো জোটার পরিবারের জন্য এবং সমগ্র পর্তুগালের জন্য এ জয়টা দরকার।’

অন্যদিকে মদ্রিচকে সামনে রেখে কানাডায় শেষ মুহূর্তের অনুশীলন করেছে ক্রোয়েশিয়া। একই ধাঁচের ৪-২-৩-১ ফরমেশনে মাঠে নামার সম্ভাবনা জলাতকো দালিচের দলের। মাঝমাঠে মদ্রিচ-কোভাচিচ জুটি, আর বাম প্রান্তে পেরিসিচ হতে পারেন সবচেয়ে বড় অস্ত্র। কোচ দালিচ মনে করেন, ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে মাঝমাঠের লড়াইয়ে। ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও ফেলিক্সকে নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ভুল এড়ানোর ওপরই জোর দিয়েছেন তিনি।

শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে শুরু হবে ম্যাচটি। জয়ী দলের রাউন্ড অফ সিক্সটিনে সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন অথবা অস্ট্রিয়া। শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে দিনের আরেক ম্যাচে শুক্রবার সকাল ৯টায় কানাডার ভ্যাঙ্কুভারে আলজেরিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন সুইসরা নামছে টানা চতুর্থবার নকআউট পর্ব পেরোনোর লক্ষ্য নিয়ে। অন্যদিকে ২০১৪ সালের পর দ্বিতীয়বারের মতো শেষ ষোলো নিশ্চিত করতে চায় আলজেরিয়া।

এফএস