ভোটে অনিয়ম ও ফলাফল বদলে দেয়ার অভিযোগ এনে এর আগে তিনি নির্বাচন কমিশনে আবেদন করেছেন।
সংবাদ সম্মেলনে এবিএম সিরাজুল মামুন অভিযোগ করেন, নির্বাচনের রাতে শুরুতে বিভিন্ন কেন্দ্রের ফলাফলে তিনি এগিয়ে ছিলেন এবং কিছু টেলিভিশন চ্যানেলেও তাকে বিজয়ী হিসেবে দেখানো হয়।
তিনি জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা প্রথমে ১২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। এরপর ধারাবাহিকভাবে ফল প্রকাশের প্রত্যাশা থাকলেও তা বন্ধ হয়ে যায় এবং রাত ২টা পর্যন্ত অপেক্ষা করেও আর কোনো ফল পাওয়া যায়নি। বিষয়টি তার কাছে অস্বাভাবিক মনে হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার, খেলাফত মজলিসের মহানগরের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ, এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, নীরব রায়হানসহ আরও অনেকে।
সংবাদ সম্মেলনে সিরাজুল মামুন দাবি করেন, বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে এবং সেসব তথ্য-প্রমাণসহ পুনরায় ভোট গণনার আবেদন এর মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনে জমা দেয়া হয়েছে। তার ভাষ্য, ঘোষিত ফলাফলে নারায়ণগঞ্জ–৫ আসনের মানুষের প্রকৃত রায়ের প্রতিফলন ঘটেনি। তাই প্রতিটি কেন্দ্রের ব্যালট পুনর্গণনা করে প্রকৃত ফল প্রকাশের দাবি জানান তিনি।
আরও পড়ুন:
এসময় সিরাজুল মামুন বলেন, ‘কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, নারায়ণগঞ্জ-৫ আসনে দিনভর পরিবেশ ভালো দেখা গেলেও কিছু এলাকায় দেওয়াল ঘড়ির এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধাপ্রদান, ফলাফল গণনার সময় অনেক কেন্দ্রে এজেন্টদের ভোটগণনা কক্ষের বাহিরে রাখা, সিসিটিভি ফুটেজের আওতার বাহিরে ভোটগণনা করা, বাতিল ভোটকে ধানের শীষের ভোট হিসেবে গণনা করা, রেজাল্ট না লিখেই পোলিং এজেন্টদের থেকে রেজাল্টশিটে স্বাক্ষর সংগ্রহ করাসহ আমরা প্রচুর অনিয়ম লক্ষ্য করেছি।’
একইসঙ্গে তিনি সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান, নির্বাচিত না হলেও তিনি মানুষের পাশে থাকবেন। নবনির্বাচিতদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে এবং সহিংসতা বা কর্মীদের ওপর হামলা-হুমকি থেকে বিরত থাকতে।
তিনি আরও জানান, নির্বাচনের আগে ও পরেও তার কর্মীরা হুমকি-ধমকির মুখে রয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে সবাইকে সংযত থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, জাতীয় পর্যায়ে ফলাফল মেনে নেয়ার কথা বলা হলেও নারায়ণগঞ্জ–৫ আসনের পরিস্থিতি ভিন্ন বলে তার দাবি।
সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি পুনরায় প্রতিটি কেন্দ্রের ব্যালট গণনার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।





