জাতিসংঘ সদরদপ্তরের সামনে একসময় জমায়েত মানেই ছিল প্রতিবাদ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসতেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। হাতে থাকতো ব্যানার-প্লেকার্ড, মুখে সরকারবিরোধী নানা স্লোগান।
এবার ভিন্ন আয়োজন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম জাতিসংঘ সফরকে ঘিরে নিউইয়র্কে জড়ো হয়েছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় তাকে স্বাগত জানাতেই এই আয়োজন।
সমাবেশে অংশ নেয়া ব্যক্তিদের মধ্যে একজন বলেন, ‘অসংখ্য নেতাকর্মী নিয়ে এসেছি। তারেক রহমানের এখানে আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তারেক রহমানের আগমন... তারা সব আসছে, খুশি খুশি লাগছে। এরকম স্লোগানে আমাদের এই নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের দেশে যেভাবে উনি যেভাবে কন্ট্রোল করে যাচ্ছেন, যে সেবা দিয়ে যাচ্ছেন, মানুষ উনার ওপর অনেক খুশি। আমি চাইবো ওইটা যেন অব্যাহত থাকে।’
আরও পড়ুন:
শুধু স্বাগত জানানো নয়, জাতিসংঘের সামনে সমাবেশ থেকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কাছে সরাসরি বিভিন্ন দাবিদাওয়াও তুলে ধরেন প্রবাসীরা। এর মধ্যে ছিল ঢাকা-নিউ ইয়র্ক রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট পুনরায় চালুর দাবি। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর বক্তব্যেও ছিল প্রবাসীদের আগ্রহ। বক্তব্য শেষে প্রতিক্রিয়ায় প্রবাসীরা জানান, প্রধানমন্ত্রীর বক্তব্যে আশ্বস্ত হয়েছেন তারা।
সমাবেশে আসা একজন কর্মী বলেন, ‘তিনি প্রথম আসলেন জাতিসংঘে এবং আমি উনার বক্তব্যে আমি অনেক দিক দিয়েই আশাবাদী। বক্তব্যটা খুবই সুন্দর হয়েছে। আমাদের একটা আত্মনির্ভরশীল বাংলাদেশ ভবিষ্যতে গড়বে, সেই প্রত্যাশা উনি আমাদেরকে দেখিয়েছেন।’
প্রধানমন্ত্রী যখন জাতিসংঘে বাংলাদেশের হয়ে বক্তব্য রাখছেন, ঠিক তখনই জাতিসংঘের বাইরে শান্তি সমাবেশ করছেন বিএনপির নেতাকর্মীরা। বিগত ১৭ বছর যেখানে দাঁড়িয়ে তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন, ঠিক সেখানেই এবার স্বাগত মিছিল করছেন।




