সরকারই রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করছে: নাহিদ ইসলাম

সমাবেশে নাহিদ ইসলাম ও সারজিস আলমসহ অন্যরা
সমাবেশে নাহিদ ইসলাম ও সারজিস আলমসহ অন্যরা | ছবি: এখন টিভি
0

সরকারই রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘বিএনপি বলে, দুই তৃতীয়াংশ আসন পেয়ে তারা সরকার গঠন করেছে, কিন্তু পাঁচ মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে নাই। যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে দেশ পরিবর্তন করবে কীভাবে?’

আজ (বৃহস্পতিবার, ২৩ জুলাই) সন্ধ্যায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে পদযাত্রা শেষে শহরের ফৌজদারী মোড়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করি, ফ্যাসিস্টের দোসর চুপ্পু পদত্যাগ করলেই হবে না; পদত্যাগের পর তাকে গ্রেপ্তার করতে হবে। গণহত্যায় তার সমর্থন রয়েছে। তাকে অবিলম্বে অপসারএণর পর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। একজন যোগ্য নিরপেক্ষ অভিভাবকসুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়।’

আরও পড়ুন:

একই সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘যে গণভোট হয়েছে, সেটি একটি অসাংবিধানিক গণভোট, একটি অবৈধ গণভোট। সালাউদ্দিন আহমেদের উদ্দেশে বলতে চাই, এক মায়ের গর্ভে দুই জগত সন্তান জন্ম নিয়েছে। একটা হচ্ছে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সরকার, আরেকটা হচ্ছে গণভোট। যদি গণভোট অসাংবিধানিক হয়, যদি গণভোট অবৈধ হয়— আপনি সালাউদ্দিন আহমদ, জনাব তারেক রহমান এমনকি বিএনপির সরকার হচ্ছে অবৈধ সরকার। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই, আগামীর বাংলাদেশে কাউকে ছেড়ে দেয়ার রাজনীতি আর আমরা করবো না।’

এর আগে, বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে এনসিপি জেলা শাখার আয়োজনে জুলাই পদযাত্রা শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসএইচ