আজ (শনিবার, ৪ এপ্রিল) বিকেলে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল সোয়া পাঁচটায় কর্মসূচি শুরুর আগে থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার ও ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।
পরে সমাবেশে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের নেতারা। যেখানে সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেন, ভোটের পর বিএনপি জনগণের রায়কে উপেক্ষা করছে।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ, এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না।’
বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, গণভোটকে অবজ্ঞা করে জাতীকে অপমান করেছে বিএনপি। সরকার জনস্বার্থের বাইরে গেলে রাজপথ এবং সংসদ সব জায়গাতেই প্রতিবাদ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।





