বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা শাখার আমির বেলাল উদ্দিন ব্যবসায়ী কাজে নগদ টাকা নিয়ে বিমানযোগে তার এলাকায় যাচ্ছিলেন। কাস্টমসের অনাপত্তিতেও তাকে টাকা বহনের ছাড়পত্র দেয় ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু সৈয়দপুর বিমানবন্দরে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হেনস্তা করা হয়েছে।
এসময় বেলাল উদ্দিনকে নীলফামারী পুলিশ সুপার এস কে জাহিদুল ইসলাম নির্যাতন করে বলেও বিবৃতিতে দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, এ নির্যাতনে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে মিডিয়া ফ্রেমিং করে এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। আমরা গণমাধ্যমের কাছে দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে নাটকের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন:
এসপি জাহিদুলকে ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, নীলফামারী জেলা পুলিশ সুপার এস কে জাহিদুল ইসলাম ফ্যাসিবাদের দোসর। তিনি সাবেক ডিবি প্রধান ভারতে পলাতক মনিরুল ইসলামের অন্যতম সহযোগী ছিলেন। তিনি জঙ্গি নাটক সাজিয়ে বিভিন্ন অভিযানে অংশ নিয়েছিলেন। অবিলম্বে তার বিরুদ্ধে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা ও দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
এর আগে, দুপুর ১২টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নগদ টাকাসহ আটক করে পুলিশ। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ৫০ লাখ টাকার বেশি অর্থসহ তাকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া টাকার পরিমাণ নিয়ে শুরুতে ভিন্ন তথ্য পাওয়া গেলেও গণনা শেষে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।





